সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৬

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। তিনি বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারভুক্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি/পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব গোলাম মোর্শেদ প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভাগীয় কমিশনার, সংশ্লিষ্ট দপ্তর এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

এর আগে, গত বুধবার (২৮ জুন) কুমিল্লার ডিসি মু. রেজা হাসানকে সিলেটের ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি ১১ দিনেও সেখানে যোগ দিতে পারেননি। এরমধ্যে নতুন ডিসি নিয়োগ দিলো সরকার। জানা গেছে সিলেটে আসার উদ্দেশে ঢাকা বিমানবন্দরে পৌঁছেও শেষ মুহূর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে ফিরে যেতে হয় রেজা হাসানকে। তবে রেজা হাসানকে অন্য কোথাও পদায়ন করে প্রজ্ঞাপন জারি হয়নি। এদিকে কুমিল্লায় তাঁর স্থলাভিষিক্ত রোজী আকতার গত বুধবার দায়িত্ব গ্রহণ করেছেন।

প্রসঙ্গত, এর আগে ২১ জুন সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। প্রজ্ঞাপনে বদলির কারণ উল্লেখ না থাকলেও প্রশাসনিক ও রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। দায়িত্ব পালনকালে সারওয়ার আলম কয়েকটি আলোচিত পদক্ষেপ নিয়েছিলেন। সবচেয়ে বেশি আলোচনায় আসেন হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে দানের অর্থের ব্যবস্থাপনায় পরিবর্তনের উদ্যোগ নিয়ে।

জেলা প্রশাসনের উদ্যোগে দানবাক্স ও ঐতিহ্যবাহী দানের ডেগ সিলগালা করা হলে মাজার কর্তৃপক্ষ ও একাংশ ভক্ত-অনুসারী এর বিরোধিতা করেন। অন্যদিকে, স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ হিসেবে অনেকেই সেই পদক্ষেপকে সমর্থন জানিয়েছিলেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট