১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৬
কক্সবাজারের রামুতে পরকীয়া প্রেমের জেরে স্বামী সৈয়দ হোসেনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় ২নং পলাতক আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় র্যাব-৯ (সিলেট) এবং র্যাব-১৫ (কক্সবাজার)-এর একটি যৌথ আভিযানিক দল সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আকতার কামাল (৪২) কক্সবাজার জেলার রামু থানার কালারপাড়া এলাকার হামজা আলীর ছেলে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, খুনের শিকার সৈয়দ হোসেন কক্সবাজারের রামু থানার কালারপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ২০১৯ সাল থেকে প্রবাসে থাকাকালীন মামলার ২নং বিবাদী আকতার কামাল তার সংসারের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়িতে পৌঁছে দিত। এই সুবাদে সৈয়দ হোসেনের স্ত্রীর (আনোয়ারা বেগম) সাথে আকতার কামালের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
২০২৩ সালে সৈয়দ হোসেন প্রবাস থেকে দেশে ফিরে এই বিষয়টি জানতে পারেন এবং আকতার কামালকে তার বাড়িতে আসতে নিষেধ করেন। কিন্তু আসামি সেই নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে সম্পর্ক চালিয়ে যায়, যা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ঝগড়া-বিবাদ ও মনোমালিন্য লেগেই থাকত।
এ অবস্থায় গত ২৫ জুন ভোরে সৈয়দ হোসেনের মেয়ে তার চাচাকে ফোন করে বাবার মৃত্যুর খবর দেয়। পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের শরীরের বিভিন্ন জায়গায় জখমপ্রাপ্ত মৃতদেহ দেখতে পান। ধারণা করা হচ্ছে, পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ার কারণে রাতের কোনো এক সময় স্ত্রী ও ২নং বিবাদী অন্য অজ্ঞাতনামা আসামিদের সহযোগিতায় তাকে হত্যা করে।
এ ঘটনায় সৈয়দ হোসেনের ভাই বাদী হয়ে কক্সবাজার জেলার রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামিদের আইনের আওতায় আনতে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সিলেট থেকে আকতার কামালকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D