৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৬
নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে দেশীয় ফলের প্রতি আগ্রহ সৃষ্টি, ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আম্বিয়া কেজি স্কুলে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী দিনব্যাপী ফল উৎসব।
গত সোমবার (৬ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ উৎসব শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হয়।
সকাল ১০টা থেকেই প্লে-গ্রুপ থেকে কেজি-৫ পর্যন্ত সাতটি শ্রেণির শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি থেকে নানা ধরনের দেশীয় ও মৌসুমি ফল নিয়ে বিদ্যালয়ে আসতে শুরু করে। প্রথমে প্রতিটি শ্রেণির সামনে পৃথক স্টলে ফলগুলো সাজিয়ে রাখা হয়। পরে বিভিন্ন শ্রেণি থেকে বাছাইকৃত ও বৈচিত্র্যময় ফল সংগ্রহ করে বিদ্যালয় মাঠে একটি বড় প্রদর্শনী স্টলে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়।
উৎসবে দেশীয় প্রায় ৩৯ প্রজাতির ফল স্থান পায়। এর মধ্যে ছিল আম, কাঁঠাল, লিচু, জাম, সফেদা, পেয়ারা, আনারস, পেঁপে, আমড়া, চালতা, কামরাঙ্গাসহ বিভিন্ন বিলুপ্তপ্রায় ও মৌসুমি ফল। প্রদর্শনীর পাশাপাশি শিক্ষার্থীরা প্রতিটি ফলের পরিচিতি, পুষ্টিগুণ এবং মানবদেহে এর স্বাস্থ্যগত উপকারিতা উপস্থিত দর্শনার্থীদের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরে। তাদের উপস্থাপনা দর্শনার্থীদেরও মুগ্ধ করে।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ‘ফল পরিচিতি’ পর্ব। এ সময় শিক্ষকদের তত্ত্বাবধানে সাতটি শ্রেণির শিক্ষার্থীদের মাঠে নিয়ে গিয়ে প্রদর্শিত ফলগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। ফলগুলো সরাসরি দেখা, ছোঁয়া এবং চেনার মাধ্যমে শিক্ষার্থীরা দেশীয় ফলের বৈচিত্র্য ও পুষ্টিগুণ সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ পায়।
অভিভাবকদের মতে, এ ধরনের আয়োজন শিশুদের ফাস্টফুড ও কৃত্রিম খাবারের প্রতি নির্ভরতা কমিয়ে দেশীয় পুষ্টিকর ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উৎসব চলাকালে ফলের স্টল পরিদর্শন করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির দুরুদ আহমদ, কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আনসার শোকরানা মান্না, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ এবং আমন্ত্রিত অভিভাবকবৃন্দ। তারা শিক্ষার্থীদের এমন সৃজনশীল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
আম্বিয়া কেজি স্কুলের অধ্যক্ষ মমতা রানী সিনহা বলেন, ‘কমলগঞ্জ উপজেলায় এই প্রথম আমাদের বিদ্যালয়ে এমন ব্যতিক্রমী ফল উৎসবের আয়োজন করা হয়েছে। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও এতে অংশ নেন। পুরো আয়োজনটি একটি প্রাণবন্ত উৎসবে পরিণত হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা দেশীয় ফল সম্পর্কে জানতে ও চিনতে পেরেছে। ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত অব্যাহত রাখতে শিক্ষার্থীরাও আগ্রহ প্রকাশ করেছে।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D