৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৬
সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে এক দিনে সর্বোচ্চ ৮০২ জন রোগী ভর্তি হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, প্রতিষ্ঠানটির ইতিহাসে একদিনে এত রোগী আগে কখনো ভর্তি হননি। হঠাৎ রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শনিবার হাসপাতালে ভর্তি হওয়া ৮০২ রোগীর মধ্যে ২৪৪ জনই শিশু। এছাড়া সন্দেহভাজন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১০২ জন। বিভিন্ন রোগে আক্রান্ত ১৬৬ জন নারী, ৯৩ জন পুরুষ এবং গাইনি ওয়ার্ডে ৪৪ জন ভর্তি ছিলেন। অন্য রোগীরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিয়েছেন।
চিকিৎসকেরা বলছেন, বর্ষা মৌসুমে আবহাওয়ার পরিবর্তন, বাতাসে আর্দ্রতা বৃদ্ধি এবং সংক্রামক রোগের প্রকোপ বাড়ায় শিশু ও বয়স্কদের মধ্যে শ্বাসতন্ত্রের সংক্রমণ, জ্বর, সর্দি-কাশি ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা বেড়েছে। এর প্রভাব পড়েছে ভর্তি রোগীর সংখ্যাতেও।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, একদিনে এত রোগী আগে কখনো ভর্তি হয়নি। শনিবার বিশেষ করে শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। একই সঙ্গে সন্দেহভাজন হামের উপসর্গ নিয়ে অনেক রোগী ভর্তি হন। জনবল সংকটের মধ্যেও চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা রোগীদের সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা করেছেন।
তিনি আরও বলেন, রোববার রোগীর চাপ কিছুটা কমেছে। বিকেল পর্যন্ত হাসপাতালে মোট ৫৯৩ জন ভর্তি ছিলেন। তাদের মধ্যে ১৬০ জন শিশু এবং ৭০ জন সন্দেহভাজন হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৌসুমি রোগের প্রকোপ অব্যাহত থাকলে আগামী দিনগুলোতেও রোগীর চাপ বেশি থাকতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার চেষ্টা চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D