৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৬
কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ সিলেটে পৌঁছেছে।
মঙ্গলবার (৩০ জুন) সকাল পৌনে ৭টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো পৌঁছায়। এ সময় বিমানবন্দরে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়; প্রিয়জনদের হারিয়ে স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে আকাশ-বাতাস।
বিমানবন্দরে প্রয়োজনীয় দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো অ্যাম্বুলেন্সযোগে নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়। এ সময় নিহতদের শ্রদ্ধা জানাতে ও শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে উপস্থিত ছিলেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসানসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহতদের দাফন ও শেষকৃত্যের জন্য প্রাথমিকভাবে প্রতিটি পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এছাড়া পরবর্তীতে বোর্ড থেকে আরও ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে নিশ্চিত করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার জোহরের নামাজের পর কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের আকুনি মাদ্রাসা মাঠে নিহত পাঁচ প্রবাসীর সম্মিলিত জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাদের নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
এর আগে, গত রোববার (২১ জুন) সকালে কাতারের শাহানিয়া এলাকায় সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসী নিহত হন। ঘটনার দিন ওই পাঁচজন একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। গাড়িটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই ছয়জন প্রাণ হারান। নিহত আরেকজন ভারতীয় নাগরিক। তাদের লাশ কাতারের স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা ছিল।
নিহতরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ী গ্রামের আব্দুল কাদির, মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান, একই গ্রামের জুবায়ের আহমেদ, আগাতালুক গ্রামের জসিম উদ্দিন এবং আমরপুর গ্রামের জিবাল আহমেদ।
শ্রম কল্যাণ উইং জানায়, নিহতদের মরদেহ সোমবার (২৯ জুন) কাতারের স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৬ নম্বর ফ্লাইটে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে পাঠানো হবে। ফ্লাইটটি মঙ্গলবার (৩০ জুন) সকাল ৬টা ৫০ মিনিটে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
দূতাবাস জানায়, বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D