১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৬
ভারতের আসাম রাজ্যের জোরহাট বিমান বাহিনী ঘাঁটিতে অবতরণের সময় ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) একটি এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ কর্মকর্তা ও কর্মীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুন) সকালে সংঘটিত এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি (কোর্ট অব ইনকোয়ারি) গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতীয় বিমান বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, দুই ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ এএন-৩২ বিমানটি জোরহাট বিমানঘাঁটিতে অবতরণের চেষ্টা করার সময় দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় বিমান বাহিনী গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীরবায়ু দানিশ আলম।
জোরহাট বিমানঘাঁটি থেকে পাওয়া ভিডিও চিত্রে দেখা গেছে, রানওয়েতে আছড়ে পড়ার পর বিমানটি মাঝখান থেকে দুই খণ্ড হয়ে যায়। পরে ধ্বংসস্তূপে আগুন ধরে গেলে দ্রুত উদ্ধার ও জরুরি সেবা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন।
দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। অবতরণের সময় কোনো যান্ত্রিক ত্রুটি, পাইলটিং সমস্যা নাকি বিরূপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এএন-৩২ বিমানটি সোভিয়েত আমলে তৈরি একটি টুইন-ইঞ্জিন সামরিক পরিবহন বিমান। ভারতের বিমান বাহিনী দীর্ঘদিন ধরে দুর্গম ও পার্বত্য অঞ্চলে রসদ সরবরাহ, সেনা পরিবহন এবং বিভিন্ন কৌশলগত অভিযানে এই বিমান ব্যবহার করে আসছে।
উল্লেখ্য, সোভিয়েত ইউনিয়নে ভারতের প্রয়োজন অনুযায়ী তৈরি করা বিমানটি একটি শক্তিশালী দ্বি-ইঞ্জিনবিশিষ্ট সামরিক পরিবহন বিমান। দীর্ঘদিন ধরে এটি ভারতীয় বিমানবাহিনীর অন্যতম প্রধান পরিবহন প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং বর্তমানে তাদের বহরে প্রায় ১০০টি এ ধরনের বিমান রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D