২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, মে ২৩, ২০২৬
যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পেতে আগ্রহী বিদেশি নাগরিকদের জন্য নতুন নিয়ম চালু করেছে মার্কিন প্রশাসন। নতুন নীতিমালা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অবস্থান করে আর গ্রিন কার্ডের আবেদন করা যাবে না। আবেদনকারীদের নিজ দেশে ফিরে গিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে আবেদন করতে হবে।
শুক্রবার (২২ মে) যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সার্ভিসেস (ইউএসসিআইএস) এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মার্কিন অভিবাসন কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, গ্রিন কার্ডের আবেদনগুলো পৃথকভাবে যাচাই করতে হবে। বিশেষ কোনো ছাড় দেওয়ার প্রয়োজন হলে সেটিও সংশ্লিষ্ট আবেদনকারীর পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর (ডিএইচএস) জানিয়েছে, সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কোনো বিদেশি নাগরিক যদি গ্রিন কার্ড পেতে চান, তাহলে তাকে নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।
ডিএইচএসের দাবি, নতুন নীতিমালার মাধ্যমে অভিবাসন ব্যবস্থার আইনি ফাঁকফোকর বন্ধ হবে এবং আইন যেভাবে কার্যকর হওয়ার কথা, সেভাবেই পরিচালিত হবে।
ইউএসসিআইএস বলছে, নতুন এই নিয়ম কার্যকর হলে সংস্থার সময় ও অর্থ সাশ্রয় হবে। পাশাপাশি অন্যান্য আবেদন দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে।
তবে মানবাধিকার সংগঠনগুলো এ নীতির সমালোচনা করেছে। পুনর্বাসন, আইনি সুরক্ষা ও অধিকার আদায়ে কাজ করা সংগঠন এইচআইএএস জানিয়েছে, নতুন নিয়মের কারণে মানব পাচারের শিকার ব্যক্তি ও নির্যাতিত শিশুদের আবার সেই ঝুঁকিপূর্ণ পরিবেশে ফিরে যেতে বাধ্য হতে পারে, যেখান থেকে তারা পালিয়ে এসেছিল।
উল্লেখ্য, গত বছর ট্রাম্প প্রশাসন শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং সংবাদকর্মীদের ভিসার মেয়াদ কমানোর উদ্যোগ নেয়। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এক বছরে এক লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D