৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৫
সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় মানব পাচার মামলার এক আসামিসহ ১১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ।
সোমবার (২৯ ডিসেম্বর)) রাতে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের কুলুমছড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে মানব পাচার মামলায় অভিযুক্ত রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নতুন গুরগুরি এলাকার অজয় বিশ্বাস (৩০) রয়েছেন।
পুলিশ জানায়, গত ২২ ডিসেম্বর মানব পাচার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে মুক্তি পেয়ে আবারও তিনি ভারত সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে গোয়াইনঘাটের কুলুমছড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় ১০ জনকে আটক করে বিজিবি। আটক ব্যক্তিদের মধ্যে ছয়জন পুরুষ, চারজন নারী ও একজন শিশু রয়েছে। পরে মঙ্গলবার সকালে তাদের গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে একই রাতে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ওই এলাকা থেকেই অজয় বিশ্বাসকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, আটক ১০ জনকে অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে অজয় বিশ্বাস সীমান্ত এলাকায় নিয়ে গিয়েছিলেন।
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘আটক ব্যক্তিদের মধ্যে একজনকে মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D