ভোটের ৫দিন আগে সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৫

ভোটের ৫দিন আগে সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত

ভোট গ্রহণের ৫দিন আগে সিলেট চেম্বার অব কমার্সের নির্বাচন স্থগিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। রোববার (২৬ অক্টোবর) বাণিজ্য মন্ত্রনালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক পত্রে নির্বাচন স্থগিত করে নতুন করে ভোটার তালিকা হালনাগাদ করে পুনরায় তফশীল ঘোষনার নির্দেশনা দেয়া হয়। যেখানে উল্লেখ করা হয় গত ১৩ অক্টোবর সিলেটের জেলা প্রশাসক প্রেরিত পত্র নং ০৫.৪৬.৯১০০.০২০.৯৯.০০৪.২৫ এর প্রেক্ষিতে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর নির্বাচনের ভোটার তালিকা হালনাগাদ করে পুনঃতফসিলের মাধ্যমে ০২ (দুই) বছর মেয়াদী (২০২৫-২০২৭) পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। এরআগে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক আমিরুজ্জামান দুলুর আবেদনের প্রেক্ষিতে নির্বাচন স্থগিতের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্প্রতি ৩ পাতার একটি আবেদন জমা দিয়েছিলেন তিনি। যার প্রেক্ষিতে মন্ত্রণালয় আজ নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিলো।

গত বছরের ৫ আগস্ট সরকারের পতনের পর সভাপতি তাহমিন আহমদের আত্মগোপনে যাওয়ায় চেম্বার কার্যত অচল হয়ে পড়ে আছে।

এবারের নির্বাচনে দুটি প্যানেল ছিলো। সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী ফোরাম।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফালাহ উদ্দিন আলি আহমদ (সম্মিলিত ব্যবসায়ী পরিষদ) ও এহতেশামুল হক চৌধুরী (ব্যবসায়ী ফোরাম)।

দুই প্যানেলে মোট ৪২ জন প্রার্থী। তারা প্রতিদিন নগরীর বিভিন্ন মার্কেট ও উপজেলার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছিলেন।

নির্বাচন তফসিল অনুযায়ী, ২২ অক্টোবর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ ও শুনানি হয়, আর ভোট গ্রহণ ছিল ১ নভেম্বর সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় সিলেট চেম্বার অব কমার্সের নির্বাচন স্থগিত করায় আবারও তা অনিশ্চয়তার দিকে গেলো।

এ ব্যাপারে দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা বলেন, “চিঠিতে বলা হয়েছে ভোটার তালিকা যাচাই-বাছাই করার কথা। মূলত তালিকায় কিছু সমস্যা নিয়ে কয়েকজন সদস্য অভিযোগ জানিয়েছিলেন। এর প্রেক্ষিতে মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে যে, তালিকা যাচাই-বাছাই শেষে পুনরায় তফসিল ঘোষণা করা হবে।”

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সচিব গোলাম আক্তার ফারুক নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বলেন, “কি কারণে নির্বাচন স্থগিত করা হলো, আমরা এখনো বিষয়টি বুঝে উঠতে পারছি না।”