সিলেট কোতোয়ালী থানার পাশেই ছুরিকাঘাতে যুবক খুন

প্রকাশিত: ৪:২৯ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২৫

সিলেট কোতোয়ালী থানার পাশেই ছুরিকাঘাতে যুবক খুন

সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানার পাশেই ছুরিকাঘাতে ডালিম আহমদ (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নগরীর ক্বীন ব্রিজ সংলগ্ন আলী আমজদের ঘড়িঘরের পাশে এ ঘটনা ঘটে।

নিহত ডালিম আহমদ (৩৫) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে।

প্রত‍্যক্ষদর্শীদের তথ্যমতে, কোতোয়ালি থানা থেকে মাত্র ৫০০ গজের ভেতর আলী আমজদের ঘড়িঘরের পাশে এক দুর্বৃক্ত যুবক ডালিম আহমদকে ছুরিকাঘাত করে। মৃত্যু নিশ্চিত করতে তার পায়ের রগও কেটে দেয়। এরপর নির্বিগ্নে সবার সামনে দিয়ে হেঁটে চলে যায়। তার হাতে ধারালো অস্ত্র থাকায় কেউ এগিয়ে যেতে সাহস করেননি। ঘটনার বেশ কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর গুরুতর অবস্থায় ওই যুবককে নিথর অবস্থায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এঘটনায় জড়িত থাকার অভিযোগে নাঈম আহমেদ রজব (১৯) নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) ভোররাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক নাঈম সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের মো. মনাফ মিয়ার ছেলে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

কোতোয়ালী মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) সামছুল হাবিব বলেন, যে নিহত হয়েছে, সেও চিহ্নিত ছিনতাইকারী। এরআগে জেলও খেটেছে। এতে ধারণা করা হচ্ছে হত্যাকারীও ছিনতাইকারী। ছিনতাই সংক্রান্ত ইস্যুতে তাকে হত্যা করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট