ভারতে অনুপ্রবেশ, ফেরার পথে সিলেট সীমান্তে আটক ৫ বাংলাদেশি

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৪

ভারতে অনুপ্রবেশ, ফেরার পথে সিলেট সীমান্তে আটক ৫ বাংলাদেশি

অবৈধভাবে ভারতে গিয়ে দেশে ফেরার পথে সিলেটের বিয়ানীবাজার সীমান্তে তিন নারী, এক পুরুষ এবং এক শিশুসহ ৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫২ বিজিবি)।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোরে বিয়ানীবাজার উপজেলার বড়গ্রাম বিওপি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

সিলেট ব্যাটালিয়ন ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- যশোর জেলার বেনাপোল উপজেলার কাদমারী গ্রামের মিন্টু শেখের স্ত্রী মোছা. আয়শা খাতুন (৩৭), একই এলাকার লাল মিয়ার স্ত্রী রোকসানা খাতুন (৪০), ব্রাক্ষনবাড়িয়া এলাকার বাদশা শেখের স্ত্রী মোছা. রুমানা (২১), মৃত মুসা শেখের ছেলে মো. বাদশা শেখ (২৭) এবং বাদশা শেখের ছেলে মো. মাহদী ইসলাম (৩)।

বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোরে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধীনস্থ বড়গ্রাম বিওপিতে নায়েক মো. রাজু আহমেদের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলারের (১৩৫৯/৫) নিকটতম এলাকা বড়তল দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করার সময় তাদের আটক করে।

জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, দালালের মাধ্যমে গত ৩ ডিসেম্বর কুমিল্লার বাগরা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং ত্রিপুরা থেকে বাসে গৌহাটি যাবার পথে কাস্টমস চেক পোষ্টে ভারতীয় পুলিশের হাতে ধরা পড়েন। দুইদিন পর বৃহস্পতিবার বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের আটক করে।

সিলেট ব্যাটালিয়ন ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, আটক বাংলাদেশি নাগরিকদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট