২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৪
দীর্ঘ ১৭ বছর পর মুক্ত রাজনৈতিক পরিবেশ পেয়েছে বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। বছর পর বছর ধরে তাদের নির্যাতিত নেতাকর্মীদের মনোবল বাড়াতে ও সাংগঠনিক কার্যক্রম চাঙা করতে সংগঠনগুলো নানা কর্মসূচি গ্রহণ করছে। এরই ধারাবাহিকতায় দেশজুড়ে জেলাভিত্তিক যৌথ কর্মিসভা শুরু করছে যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদল। ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এ কার্যক্রম। সিলেট জেলার কর্মিসভা ২৮ সেপ্টেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। এ নিয়ে ব্যাপক প্রস্তুতি চলছে সিলেট যুব, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের মাঝে।
সিলেট জেলা যুবদল সূত্রে জানা গেছে- যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে সারা দেশে জেলাভিত্তিক দিকনির্দেশনামূলক যৌথ কর্মিসভার সিদ্ধান্ত হয়েছে। এজন্য বিভাগভিত্তিক কেন্দ্রীয় টিম গঠন করা হয়েছে। সিলেট বিভাগীয় টিমে রয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল।
যুবদল সূত্র জানায়, সিলেট জেলা এবং মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সকল ইউনিট এবং তার অন্তর্ভুক্ত ওয়ার্ড কমিটির ৫ জন করে কর্মিসভায় অংশগ্রহণ করবেন। তারা হলেন- পূর্ণাঙ্গ কমিটির সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। আর আহ্বায়ক কমিটি হলে এর আহ্বায়ক, সদস্যসচিব ও ৩ সিনিয়র যুগ্ম-আহ্বায়ক।
এ বিষয়ে সিলেট জেলা যুবদলে দলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, স্বাধীনতার মূল চেতনা, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের নতুন পথযাত্রায় দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় ২৮ সেপ্টেম্বর থেকে সারা দেশে এই যৌথ কর্মিসভা শুরু হচ্ছে। প্রথম সভা হবে সিলেটেই, দক্ষিণ সুরমার ময়ূর কুঞ্জ কনভেনশন হলে। এর মূল উদ্দেশ্য পরিবর্তিত পরিস্থিতিতে কর্মীদের স্বচ্ছ ধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ও এ পথে উদ্বুদ্ধ করা। এতদিন একটা আন্দোলনের মধ্যে ছিলাম, জেল-জুলুম, হামলা-মামলার মধ্যে ছিলাম। এখন যে একটা নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, এই জায়গায় রাজনৈতিক কর্মীদের দায়িত্ব ও কর্তব্য কী- এটা সম্পর্কে একটা হোমওয়ার্ক বা অফিসিয়াল গাইডলাইন থাকা দরকার। যৌথ কর্মিসভায় সেই দিকনির্দেশনা দেওয়া হবে।
অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন জানান- যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব কর্মিসভায় বক্তব্য রাখবেন। আরও কারা কেন্দ্র থেকে আসবেন এবং বক্তব্য রাখবেন এসব বিষয়ে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সিলেট যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদল নেতৃবৃন্দের অনুষ্ঠিতব্য বৈঠকে জানা যাবে। এছাড়া কীভাবে কর্মিসভাটি সফল করা যায় সে বিষয়ে ওই বৈঠকে সিলেটের নেতৃবৃন্দকে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দেওয়া হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D