রেড ক্রিসেন্টের পরিচালনা পর্ষদ বিলুপ্ত

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৪

রেড ক্রিসেন্টের পরিচালনা পর্ষদ বিলুপ্ত

চলমান বন্যায় স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট সোসাইটির ভূমিকা দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ। সংগঠনটির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ আগস্ট) সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে চিকিৎসাসেবা, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসাসহ সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র সচিব এ কথা জানান। তিনি বলেন, ‘ফেনী, কুমিল্লা ও নোয়াখালীতে রেড ক্রিসেন্টের ভূমিকা খুবই দুঃখজনক। সেজন্য রেড ক্রিসেন্টের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। যাতে তারা সক্রিয় হয়।’

আকমল হোসেন আজাদ বলেন, ‘এবার মাঠে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা যাননি, সেটা আমি বলবো না। মাঠে তো তারা এমনিতেই যাবেন। এসপির ডাকে যাবেন। কিন্তু রেড ক্রিসেন্টের ওভারঅল ভূমিকা সন্তোষজনক না হওয়ায় আমরা আজ বোর্ড ভেঙে দিয়েছি।’

তিনি বলেন, ‘নতুন চেয়ারম্যান, নতুন সেক্রেটারি জেনারেল বসবেন। তারা নতুন করে অ্যাক্টিভেট করবেন, নতুন লোক আসবে। আপনারা দেখবেন যে কোনো বিপদে যেন আমাদের সহযোগী হিসেবে রেড ক্রিসেন্ট অংশগ্রহণ করতে পারে।’

বন্যার্তদের চিকিৎসার ব্যয়ভার বহন করবে সরকার। এছাড়া, কোন খাতে কোন প্রতিষ্ঠান কত টাকা পাচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিয়মিত তা জানানো হবে এবং এর জন্য একটি ডেস্ক গঠন করা হয়েছে বলেও জানান এ সচিব।