৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৪
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পৌঁছেছেন শেখ হাসিনা।
সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার দিয়ে ভারতের আগরতলার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার সময় তার ছোট বোন শেখ রেহেনা ও তার পরিবারের সদস্যরাও সঙ্গে ছিলেন বলে জানা গেছে।
একটি সূত্রের বরাতে জানা গেছে, ভারতের আগরতলা থেকে দিল্লি যাবেন শেখ হাসিনা। সেখান থেকে লন্ডনে পাড়ি জমানোর পরিকল্পনা রয়েছে তার।
গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ভারতীয় সম্প্রচারমাধ্যম সিএনএন-নিউজ১৮ জানিয়েছে, এরই মধ্যে আগরতলায় পৌঁছেছেন শেখ হাসিনা। অন্য দেশে যাওয়ার জন্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ‘সেফ প্যাসেজ’ দেবে ভারত সরকার।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসও শেখ হাসিনার ভারত পৌঁছানোর খবর নিশ্চিত করেছে। এছাড়া টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস এবং দ্য হিন্দুও সকাল থেকে বাংলাদেশ বিষয়ে লাইভ আপডেট দিচ্ছে। এসব সংবাদমাধ্যমের হোমপেজে প্রধান খবর হিসেবে উঠে এসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শেখ হাসিনার পদত্যাগ।
এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা তার ছোট বোনকে নিয়ে গণভবন থেকে নিরাপদে বাংলাদেশ ছেড়েছেন। দেশ ছাড়ার আগে জাতির উদ্দেশে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই সুযোগ না হওয়ায় আগেই দেশ ছাড়েন শেখ হাসিনা।
এদিকে এদিন দুপুর আড়াইটার দিকে গণভবন দখল করেন আন্দোলনকারীরা। গণভবনে প্রবেশ করে বিভিন্ন জিনিসপত্র নিয়ে উল্লাস করছেন তারা।
মিরপুর-১০ নম্বর এলাকায় জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। প্রথমে সেনাবাহিনী বাধা দেয়। কিন্তু আন্দোলনকারীর সংখ্যা বাড়তে থাকায় তাদের ছেড়ে দেয়া হয়। এরপর হাজার হাজার বিক্ষোভকারী গণভবন অভিমুখে যাত্রা শুরু করেন। এছাড়া গণভবন দখলের পর আন্দোলনকারী মানুষ জাতীয় সংসদ ভবনেও প্রবেশ শুরু করেন।
অপরদিকে দুপুরে সেনা সদরদপ্তরে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচি ঘিরে রোববার ঢাকাসহ সারাদেশে সরকার সমর্থিত নেতাকর্মী ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০০ জন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ জন ছাড়াও কুমিল্লার ইলিয়টগঞ্জে পৃথক হামলায় হাইওয়ে থানার এক পুলিশসহ মোট ১৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটাপ্রথা সংস্কারের দাবিতে গত জুলাইয়ের প্রথম থেকে আন্দোলন করে আসছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ অবস্থায় গত ১৫ জুলাই রাজধানী ঢাকাসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ। একইসঙ্গে শিক্ষার্থীদের আন্দোলন বন্ধে গুলি চালায় পুলিশ।
শিক্ষার্থীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগ এবং দলটির সহযোগী অঙ্গ সংগঠনের হামলায় কয়েক শতাধিক শিক্ষার্থী ও মানুষের মৃত্যু হয়। এ অবস্থায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিক্ষোভ ও আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D