মাধবপুরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫

প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, মে ২, ২০২৪

মাধবপুরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক শিশু ও এক নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহত সবাই প্রাইভেটকারের যাত্রী বলে জানা গেছে।স্থানীয়রা জানিয়েছেন, নিহত ৫ জনের মধ্যে ৪জন একই পরিবারের।

বুধবার (১ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ১২ বছরের এক শিশু ও এক নারী রয়েছেন। নিহত চালকের বয়স আনুমানিক ৪০ বছর এবং অন্য দুই পুরুষ যাত্রীর বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, সিলেটে হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত শেষে প্রাইভেটকারে ঢাকায় ফিরছিলেন পাঁচজন। রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার বাদসাগেট এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে ওই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

পরে হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি; তবে তারা ঢাকায় বসবাসরত বরিশাল এলাকার বাসিন্দা বলে জানান ওসি।

মাধবপুর থানার ওসি রাকিবুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাইভেটকারটি সিলেট থেকে ফেরার পথে রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুরের শাহপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মাজার জিয়ারতের জন্য পরিবারের সবাই মিলে প্রাইভেটকারে সিলেটে গিয়েছিল। নিহতদের বাড়ি বরিশালে তবে ঢাকার সাভার এলাকায় বাসা ভাড়া করে বসবাস করতেন। নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের স্বজনদের মোবাইল ফোনে জানানো হয়েছে। তারা আসার পর নাম-পরিচয় নিশ্চিত হওয়া যাবে।প্রাইভেটকার থেকে এক নারীসহ পাঁচজনের মরদেহগুলো উদ্বার করা হয়েছে। মরদেহগুলো হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া গাড়ি দুটি জব্দ করা হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মনোতোষ মল্লিক জানান, রাত দেড়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারের বিভিন্ন অংশ কেটে মরদেহ উদ্ধার করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট