যুক্তরাজ্যে হামলার অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আহ্বান নাহিদের

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৬

যুক্তরাজ্যে হামলার অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আহ্বান নাহিদের

যুক্তরাজ্যের লন্ডনে সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছেন তিনি। হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের দায়ী করে ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি যুক্তরাজ্য সরকারের কাছে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন নাহিদ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ ও প্রতিক্রিয়া জানান তিনি।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম জানান, লন্ডনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতি ছিল। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ এবং ১১ দলীয় ঐক্যের নেতারাও অংশ নেন। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তবে অনুষ্ঠান শেষে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। তাঁর দাবি, আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা অনুষ্ঠানে অংশ নেওয়া সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

ঘটনাটিকে কাপুরুষোচিত উল্লেখ করে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নাহিদ। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, সংবর্ধনা অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তাঁদের কেউ কেউ হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন বলেও দাবি করেন তিনি। প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে বলে আশা প্রকাশ করেন নাহিদ।

আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা, দমন-পীড়ন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের অভিযোগ তুলে নাহিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত এই রাজনৈতিক শক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশের মাটিতেও সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছে। এটি প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার পাশাপাশি গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্বাধীনতার জন্যও উদ্বেগজনক।

তিনি বলেন, গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারও নেই। যুক্তরাজ্যের মতো গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়, মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকারকে সহিংসতা কিংবা ভীতি প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা গ্রহণযোগ্য নয়।

এ ঘটনায় যুক্তরাজ্য সরকারের প্রতি দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। একই সঙ্গে হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং যুক্তরাজ্যের গণতান্ত্রিক পরিবেশকে ব্যবহার করে সহিংসতামূলক কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট