গোয়াইনঘাটে খাল থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৪

গোয়াইনঘাটে খাল থেকে যুবকের লাশ উদ্ধার

সিলেটের গোয়াইনঘাটের একটি খাল থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম নাজিম উদ্দীন (৩২)। তিনি রুস্তমপুর ইউনিয়নের কাঠালবাড়ি কান্দিগ্রামের শহিদুর রহমানের ছেলে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সকালে গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কাঁঠালবাড়িকান্দি গ্রামের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে নাজিম উদ্দিন বিস্কুট কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর ওই রাতে আর বাড়ি ফেরেননি তিনি। পরিবারের সদস্যরা রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরে মঙ্গলবার সকালে গ্রামের একটি খালে নাজিম উদ্দিনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহতের শরীরের দুই হাতসহ বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। দুই হাতের দুটি আঙুলের নখ উঠানো। এছাড়া ঘটনাস্থলের আশপাশে বিস্কুট ছড়ানো ছিটানো অবস্থায় দেখা গেছে। একটি হাতে শক্ত কিংবা ধারালো কিছু দিয়ে আঘাত করার জখম রয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রুস্তমপুর ইউনিয়ন থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট