রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সিলেট উইমেন্স হাসপাতালে ভাংচুর

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৪

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সিলেট উইমেন্স হাসপাতালে ভাংচুর

এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুরের অভিযোগ উঠেছে ওই রোগীর স্বজনদের বিরুদ্ধে। তবে স্বজনরা অভিযোগ করেছেন, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা যায়, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত ১২টার দিকে সিলেট নগরীর কাজিটুলার মহসিন মিয়ার কলোনীর ভাড়াটিয়া গফুর মিয়াকে (৬০) অসুস্থ অবস্থায় উইমেন্স মেডিকেলে নিয়ে আসে তার স্বজনরা। হাসপাতালের ইমারজেন্সি বিভাগ থেকে আইসিইউতে নেওয়ার পর মারা যান তিনি। এ ঘটনার পর স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হলে তারা হাসপাতাল থেকে চলে যান। পরে রাত দেড়টার দিকে নিহত গফুর মিয়ার ছেলে নয়ন (২০) তার স্বজনদের নিয়ে হাসপাতালে ব্যাপক ভাঙচুর করেন।

এ ব্যাপারে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. তাহফিম আহমদ রিফাত জানান, রোগীর অবস্থা খারাপ থাকায় কর্তব্যরত ডাক্তার স্বজনদের অনুমতি নিয়ে আইসিইউতে নিয়ে যান। পরে সেখানে মারা যান তিনি। যেহেতু নিহত ব্যক্তি হাসপাতালের ভর্তি কোন রোগী না, এছাড়া তার কোন টিকেটও করেনি তাই তাদের ইমার্জেন্সি বিভাগ থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে বলা হয়। সেসব করে তারা মরদেহ নিয়ে চলে যান। পরে গভীর রাতে ৬০ থেকে ৭০ জন ব্যক্তি হাসপাতালের আউটডোরে ব্যাপক ভাঙচুর করে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান বলা যাচ্ছে না। আমরা সিসিটিভি ফোটেজ দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা করছি।

আগামীকাল মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন সিপন জানান, ভাঙচুরের খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে লিখিত কোন অভিযোগ করা হয়নি। হাসপাতাল থেকে অভিযোগ করা হলে আমরা ব্যবস্থা নেব।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট