হবিগঞ্জে ভূমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৪

হবিগঞ্জে ভূমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

হবিগঞ্জের মাধবপুরে পৈত্রিক সম্পত্তির ভাগভাটোয়ারা নিয়ে বিরোধের জেরে ফার্মেসী ব্যবসায়ী সুভাষ পাল (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত জয়চন্দ্র পাল এর ছেলে সুভাষ পাল (৫৩), শ্রীবাস চন্দ্র পাল (৪৫) ও সুমিত পালের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এরই জের ধরে সকালে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়।হাতাহাতির এক পর্যায়ে সুভাষ পাল মাটিতে লুটিয়ে পড়েন। এতে তার মৃত্যু হয় বলে স্থানীয় লোকজন জানায়। খরব পেয়ে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এস আই) দীন মোহাম্মদ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

এ ব‍্যাপারে মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশটি হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।