২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৩
নির্বাচনী প্রচার শুরুতে সিলেট এসে পৌঁছেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে বিমানযোগে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
সিলেটে পৌছার পর প্রথমে হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেন। সেখানে তিনি কিছু সময় পবিত্র কোরআন তেলাওয়াত, ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
পরে প্রধানমন্ত্রী হযরত শাহ পরানের (রা.) মাজার জিয়ারত করেন। সেখানে তিনি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এবং ফাতেহা ও মোনাজাত করেন।
প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা উভয় স্থানে তার সঙ্গে ছিলেন। মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউসে যাবেন তিনি।
সেখানে দুপুরের খাবার শেষে বেলা আড়াইটা থেকে ৩টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবেন। দুপুরে আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।
দীর্ঘ পাঁচ বছর পর আজ সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় ভাষণ দেবেন। এ উপলক্ষে কয়েক দিন ধরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত এই জনসভা দুপুরে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে জনসভাস্থলের আশপাশে নেতা-কর্মীরা আসতে শুরু করেন।
জনসভাস্থল সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠ ইতোমধ্যে অনেকটা নেতাকর্মীতে পূর্ণ হয়ে গেছে।
আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার সিলেটে নির্বাচনী প্রচারণার জনসভায় সর্বাধিক মানুষের উপস্থিতির প্রস্তুতি নেওয়া হয়েছে। সিলেট বিভাগের চার জেলায় দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের পাশাপাশি সিলেট সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে দল থেকে নির্দেশনা দেওয়া রয়েছে। জনসভাস্থল ও আশপাশের এলাকায় ১০ লাখের বেশি জনসমাগম করার কথা জানিয়েছেন দলের নেতৃস্থানীয় ব্যক্তিরা।
এ লক্ষ্যে বেশ আগে থেকে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা প্রচার–প্রচারণা চালিয়ে আসছেন। জনসভা সফল করতে ও জনসমাগম ঘটাতে দলের পক্ষ থেকে জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে মাইকিং, পোস্টার ও প্রচারপত্র বিলি করা হয়েছে।
সর্বশেষ গত বছরের ২১ জুন বন্যার্তদের দেখতে সিলেট ও সুনামগঞ্জ সফর করেন শেখ হাসিনা। এ সময় তিনি সিলেট সার্কিট হাউসে এক মতবিনিময় সভায়ও অংশ নেন। তবে ২০১৮ সালের পর আজই প্রধানমন্ত্রী সিলেটে কোনো জনসভায় ভাষণ দেবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D