কোম্পানীগঞ্জে মারামারি থামাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যু

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৩

কোম্পানীগঞ্জে মারামারি থামাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে এক ব্যক্তি মারা গেছেন। রবিবার (৩ ডিসেম্বর) সকাল আটটার দিকে উপজেলার পুর্নাছগা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, সিএনজিচালিত অটোরিকশায় যাতায়াত নিয়ে কথা কাটাকাটির জের ধরে দুপক্ষের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ মিয়া (৩৮) সুন্দাউরা গ্রামের মৃত আয়াত উল্লার ছেলে। তিনি উপজেলার ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের ৭নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২ নভেম্বর) অটোরিকশাযোগে হায়দরি বাজারের দিকে যাতায়াতের সময় স্থানীয় দুজনের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে বিষয়টি গ্রামভিত্তিক চলে যায় এবং রবিবার সকাল ৮টার দিকে পুর্নাছগাম ও সুন্দাউরা গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষ হয়। এ মারামারি থামাতে যান আব্দুল্লাহ। সেখানে তিনি আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হলে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন- দুই গ্রামের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া মাত্রই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

তিনি বলেন- আব্দুল্লাহ’র মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।