২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৩
যুক্তরাজ্যের লন্ডনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য’র প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম উপকমিটির সদস্য আফছার খান সাদেক। আসন্ন সংসদ নির্বাচনে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলা মিলিয়ে গঠিত সিলেট-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনে আগ্রহী। দল চাইলে তিনি নির্বাচনে অংশগ্রহণে জন্য প্রস্তুত এবং দলমত নির্বিশেষে সাধারণ জনগণ তাকে ভোট দিয়ে বিজয়ী করবেন বলে তিনি আশাবাদী। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরেই তিনি সাধারণ মানুষের জন্য কাজ করছেন।
শনিবার (১৮ নভেম্বর) দুপুরে নগরীর মীরবক্সটুলায় একটি অভিজাত হোটেলে সিলেটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আফছার খান আরো জানান- গত অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য সফরে গেলে সিলেট-৬ আসনে মনোনয়নের বিষয়ে আলাপ করেন। তখন প্রধানমন্ত্রী তাকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজের পরামর্শ দিয়েছেন। তাই তিনি মাঠে আছেন। সাধারণ মানুষের কল্যাণে কাজ চালাচ্ছেন।
তিনি জানান, সিলেটের উন্নয়নে বিভিন্ন প্রেক্ষাপট ও প্লাটফর্মে থেকে সব কাজ করে যাচ্ছেন। যুক্তরাজ্য ও সিলেটে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি দেশ-বিদেশের সামাজিক সংগঠনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে মানবসেবায় নিয়োজিত। দরিদ্র জনগোষ্ঠীর মৌলিক চাহিদা উন্নয়নে কাজ করছেন। গৃহহীনদের গৃহ নির্মাণ, বস্ত্র ও শীতবস্ত্র বিতরণ এবং গরিব-মেধাবী শিক্ষার্থীদের অর্থসহায়তা করে যাচ্ছেন।
আওয়ামী লীগ নেতা আফছার খান সাদেক জানান, তার বাবা মছদ্দর আলী ছিলেন মিলিটারি ইঞ্জিনিয়ার ও মুক্তিযুদ্ধের সংগঠক। বাবার অনুপ্রেরণায় ছোটবেলা থেকে বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসেন। বিয়ানীবাজার কলেজে ১৯৮৬-৮৭ সালে বিয়ানীবাজার কলেজ ছাত্র সংসদে ছাত্রলীগ মনোনীত প্যানেলে নির্বাচিত প্রতিনিধি ছিলেন। ১৯৮৮-১৯৯১ সালে বিয়ানীবাজার থানা ছাত্রলীগের কার্যকরি কমিটির সদস্য ছিলেন। লন্ডন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমানে লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। পাশপাশি বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম উপকমিটির সদস্য।
তিনি বলেন, ‘আমি জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে আমি লন্ডনে স্থানীয় সরকারের অনুমতি নিয়ে নিজের অর্থায়নে স্থাপন করেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। ভাস্কর্য সংলগ্ন আমার বাসাটি হবে ‘মেমোরিজ অব বঙ্গবন্ধু হাউজ’। যেখানে থাকবে জাতির পিতার জীবন দর্শন সম্বলিত বই, ঐতিহাসিক ছবি, তার ব্যবহৃত জিনিস। লন্ডনে যেসব নেতৃবৃন্দ বেড়াতে যাবেন তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা থাকবে বঙ্গবন্ধু হাউজে। এভাবেই বিশ্ব জানবে বাঙ্গালী জাতির মুক্তিদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ২০২১ সালে মেমোরিজ অব বঙ্গবন্ধু সম্পাদনা এবং প্রকাশনা করেছি। ভাস্কর্য স্থাপন করায় সিটি অব দ্যা লন্ডন ‘ফি ম্যান অব দ্যা সিটি’ সম্মাননা দেওয়া হয়েছে। পাশপাশি লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেটস্ কর্তৃক ২০২৩ সালে ‘সিভিক’ অ্যাওয়ার্ড পেয়েছি।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ২০০৭ সালে মঈন উদ্দিন-ফখরুদ্দিন সরকারের যুগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের পর লন্ডনে আন্দোলন গড়ে তুলি। দলের কর্মী হিসাবে আমি ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে মনোনয়ন চেয়েছিলাম। তখন মনোনয়ন না পেলেও আমি দলীয় প্রার্থীর পক্ষে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করেছি। সকল নির্বাচনে দলের সিদ্ধান্ত বিরোধী কোন কাজ করিনি। প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি নতুন এবং তরুণ নেতৃত্বের ওপর ভরসা করছেন, সে কারণে আমি নৌকার মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী।
এর আগে মতবিনিময়ের শুরুতে আফছার খান সাদেক মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, সম্ভ্রম হারানো মা-বোন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম হত্যাযজ্ঞের শিকার বঙ্গবন্ধুসহ তার পরিবারের সবাইকে স্মরণ করেন। তিনি স্মরণ করেন সিলেট আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের। তাদের হৃদ্যতাপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে সাদেক প্রত্যাশা করেন, ‘আমি আশাবাদী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি ৭ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে আমার উপর আস্থা রেখে নৌকার প্রার্থী হিসাবে মনোনয়ন দিবেন।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D