২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৩
হরতাল-অবরোধ ও তফসিল ঘোষণা পরবর্তী নাশকতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেটে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান।
প্রতি প্লাটুনে ২০ জন বিজিবি সদস্য রয়েছে উল্লেখ করে তিনি জানান, বিজিবির এসব সদস্য যে কোন ধরণের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন।
এদিকে রাজধানী ঢাকা ও এর আশপাশের জেলাসহ সারা দেশে মোট ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে এই তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ৩২ প্লাটুন এবং সারা দেশে ১৯৭ প্লাটুনসহ মোট ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এরপরই তফসিলের প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে অর্ধদিবস হরতালের ডাক দেয় বেশ কয়েকটি দল।
কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
সিলেট মহানগরীতে অগ্নিসন্ত্রাসী ও নাশকতাকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।
যেকোনও ধরনের নাশকতার তথ্য মহানগর পুলিশের কন্ট্রোল রুম ও ৬ থানার ওসিদের দিয়ে সহযোগিতা করলেই মিলবে এই পুরস্কার।
বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টায় নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম।
এদিকে, রাতে এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ফেসবুক পেজে স্ট্যাটাসে জানানো হয়- “সিলেট মেট্রোপলিটন এলাকায় নাশকতাকারী ও অগ্নিসন্ত্রাসীদের ধরিয়ে দিতে পারলে নগদ ২০ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ, বিপিএম(বার), পিপিএম। জনগণের জানমাল রক্ষা করা আমাদের সকলের পবিত্র দায়িত্ব। সিলেট মেট্রোপলিটন পুলিশ যে কোন পরিস্থিতি মোকাবেলায় সবসময় প্রস্তুত আছে এবং নগরবাসীর পাশে আছে। সিলেট মহানগরীকে নিরাপদ রাখাতে তথ্য দিয়ে পুলিশের পাশে থাকুন।”
এতে যেকোন ধরণের নাশকতার খবর পেলেই সাথে সাথে এসএমপির কন্ট্রোল রুমের ০১৩২০০৬৯৯৯৮ এই নম্বরে অথবা সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে অবহিত করতে বলা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D