নেপালে বিধ্বস্ত বিমানের সব আরোহীর লাশ উদ্ধার

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৩

নেপালে বিধ্বস্ত বিমানের সব আরোহীর লাশ উদ্ধার

নেপালের পোখারায় প্লেন বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৭১ জনের মরদেহ উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার সেতি নদীর ঘাট থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়।

কাস্কি জেলার সহকারী মুখ্য জেলা কর্মকর্তা অনিল কুমার শাহী জানান, গতকাল বিকেলে আরও একজনের মৃতদেহ পাওয়া গেছে। আজ পর্যন্ত উদ্ধার কাজ চলবে।

গত রোববার কাঠমান্ডু থেকে দুই-ইঞ্জিন বিশিষ্ট এটিআর ৭২ প্লেনটি ৭২ জন আরোহী নিয়ে উড্ডয়ন করেছিল। দেশটির প্রধান পর্যটন স্থান পোখারায় অবতরণের কিছুক্ষণ আগে বিধ্বস্ত হয় এটি। এখন পর্যন্ত ৭১ জনের মরদেহ উদ্ধার হলো। নিহতদের মধ্যে তিনজন নবজাতক, আরও তিন শিশু ও ৬২ জন প্রাপ্তবয়স্ক রয়েছেন।

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যাত্রীদের মধ্যে ৫৩ জন নেপালি, পাঁচজন ভারতীয়, চারজন রাশিয়ান, একজন আইরিশ, একজন অস্ট্রেলিয়ান, একজন আর্জেন্টিনার, দুজন কোরিয়ান এবং একজন ফরাসি ছিলেন।

গতকাল মঙ্গলবার ইয়েতি এয়ারলাইন্সের ফ্লাইট ৬৯১-এর তদন্তে সহায়তা করার জন্য বিদেশি বিশেষজ্ঞদের একটি দল কাঠমান্ডুতে পৌঁছেছেন। মোট ১১ জনের এই বিশেষজ্ঞ দল ঘটনার তদন্তে সহায়তা করবে। তাদের মধ্যে চারজনই ব্যুরো অব ইনকোয়ারি অ্যান্ড অ্যানালাইসিস ফর সিভিল এভিয়েশন সেফটির সদস্য (বিইএ)। এটি ফরাসি সরকারের একটি সংস্থা।



 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট