|
প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৬
জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন ও বিগত ১৭ বছরের গণহত্যা এবং সিলেটের কৃতি সন্তান ইলিয়াস আলীসহ বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গুম-খুনের অপরাধে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি ও ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে আব্দুল মোনায়েম মুন্না বলেন, “দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা ও ষড়যন্ত্র রুখে দিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা সর্বদা প্রস্তুত রয়েছে। খুনি শেখ হাসিনার ফ্যাসিস্ট বাহিনীর দোসররা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং দলের শীর্ষ নেতৃত্বের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে অপতৎপরতায় লিপ্ত রয়েছে।”
এসব অপশক্তির বিরুদ্ধে অতীতে ন্যায় সিলেটের রাজপথে জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীদের সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
৭১ ও ২৪-এর পরাজিত শত্রুরা বাংলাদেশের কল্যাণ চায় না উল্লেখ করে যুবদল সভাপতি আরও বলেন, “এদের বিরুদ্ধে দেশপ্রেমিক জনতাকে সঙ্গে নিয়ে হাতকে আরও শক্তিশালী করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।”
সংক্ষিপ্ত সমাবেশ শেষে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সিলেট নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। এতে জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D