|
প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৬
কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগে সিলেট বিভাগের মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ও পৌর যুবদলের শীর্ষ ছয় নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা যুবদল।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে শোকজ নোটিশগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। তবে নোটিশগুলোতে ২৩ সেপ্টেম্বরের তারিখ উল্লেখ রয়েছে।
মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এম এ মুহিতের নির্দেশক্রমে পৃথক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে স্বাক্ষর করেন জেলা যুবদলের দপ্তর সম্পাদক হাবিবুর বাশার।
শোকজ পাওয়া নেতারা হলেন- শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মোহিত কদর ও সদস্য সচিব টিটু আহমেদ এবং শ্রীমঙ্গল পৌর যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর এম এ কালাম ও সদস্য সচিব প্রণব বৈদ্য।
জেলা যুবদল সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষিত সাম্প্রতিক সাংগঠনিক কর্মসূচিগুলো সংশ্লিষ্ট ছয় নেতা নিজ নিজ ইউনিটে পালন করেননি। নোটিশে বিষয়টিকে দলীয় শৃঙ্খলা পরিপন্থি এবং দায়িত্বে অবহেলা হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে সংগঠন দুর্বল হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
নোটিশে আরও বলা হয়, কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—তার লিখিত জবাব আগামী সাত কার্যদিবসের মধ্যে জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।
শোকজ দেওয়ার বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D