১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২২
চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে টিকে থাকার দৌড়ে আজ মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ম্যাচটি অ্যাডিলেড ওভালে আজ বুধবার (২ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে। এই ম্যাচে ভারতকে হারিয়ে সেমিফাইনালে ওঠার দৌড়ে টিকে থাকতে চাইবে সাকিব আল হাসানের বাংলাদেশ দল।
তাই ম্যাচ নিয়ে আগ্রহ রয়েছে আকাশচুম্বী। যদিও ম্যাচ শুরুর আগেই অশনিসংকেত জাগাচ্ছে বৃষ্টি। সেক্ষেত্রে পয়েন্ট ভাগাভাগির দৃশ্য ঘটলেও অবাক হবার কিছু থাকবে না।
অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো বলছে, বুধবার অ্যাডিলেডে বৃষ্টির সম্ভাবনা ৬০ শতাংশ এবং ১ থেকে ৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। অ্যাডিলেডের পশ্চিম দিক থেকে দক্ষিণ-পশ্চিম দিকে ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
সুপার টুয়েলভের ম্যাচে মাঠে নামার আগে সমীকরণে বেশ এগিয়ে ভারত। টাইগারদের সাথে জিতলে সেমিফাইনালের টিকিট প্রায় নিশ্চিত হয়ে যাবে রোহিত শর্মার দলের। আর বাংলাদেশ জিতলেও পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচে দিকে চেয়ে থাকতে হবে টাইগারদের। কারণ নেট রান রেটে বেশ পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
অতীত পরিসংখ্যানে এখন পর্যন্ত ১১টি টি-টুয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে বাংলাদেশের একমাত্র জয়ের বিপরীতে ভারতের জয় ১০ ম্যাচে। টি-টুয়েন্টি বিশ্বকাপে তিনবারের দেখায় সবকয়টিতে জয় পায় ভারত। তবে সর্বশেষ ২০১৬ বিশ্বকাপে নাটকীয়ভাবে ১ রানে জেতে ভারত।
বাংলাদেশ তাদের একাদশে পরিবর্তনের ইঙ্গিত দেননি। আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামতে পারে দল। তবে পরিবর্তন এলে একাদশে একজন বাড়তি স্পিনার হিসেবে নাসুম আহমেদকে দেখা যেতে পারে।
এই ম্যাচে ভারতের একাদশে দেখা যেতে পারে উইকেটকিপার–ব্যাটসম্যান ঋষভ পন্তকে। কারণ পার্থে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চোট পেয়েছিলেন আরেক উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিক।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।
ভারতের সম্ভাব্য একাদশ :
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, দীনেশ কার্তিক/ঋষভ পন্ত, হার্দিক পাণ্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ শামি ও অর্শদীপ সিং।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D