জকিগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

প্রকাশিত: ৬:৪৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২২

জকিগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

সিলেটের জকিগঞ্জে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত সাড়ে এগারটার দিকে মানিকপুর ইউপির কলাকুটা বাংলা বাড়ি এলাকার জকিগঞ্জ-সিলেট সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জকিগঞ্জ সদর ইউপির সেনাপতিরচক গ্রামের ফয়জুল ইসলামের ছেলে ইমন আহমদ (২৪) ও মানিকপুর ইউপির দেওয়ানচক গ্রামের আব্দুল মানিকের ছেলে মুক্তার হোসেন লাল (২৩)।

নিহতরা পরস্পর চাচাতো ভাই এবং তারা দুজনই এইচ এস সি পরীক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। তবে ট্রাকটি আটক করা যায়নি।

জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহি ঘটনাস্থলেই মারা গেছেন। আমরা ঘাতক ট্রাক চালককে আটকের চেষ্টায় রয়েছি।