২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০২২
তাপস কুমার বিশ্বাস, ফুলতলা (খুলনা)
খুলনার বিএনপির মহা সমাবেশে নদী পথে ট্রলারযোগে যাওয়ার সময় প্রতিপক্ষের হামলায় ফুলতলা উপজেলা বিএনপির অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়েছিলেন। আহতদেরকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়।
স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ আক্রমণটি চালিয়েছে বলে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের অভিযোগ।
দলীয় সূত্র জানায়, সড়ক পথে গণপরিবহন বন্ধ করে দেওয়ায় শনিবার সকাল ৯টায় বিএনপি নেতাকর্মীরা পুলিশি বাধা অতিক্রম করে ভৈরব নদীর ফুলতলা ও শিকিরহাট ঘাট দিয়ে ৯টি ট্রলারযোগে খুলনার মহাসমাবেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
উপজেলা যুবদলের আহবায়ক এনামুল ভুঁইয়া পারভেজ বলেন, ঘটনার দিন দুপুর আনুমানিক সোয়া ১২টার দিকে ট্রলার বহরটি খুলনার ৫নং ঘাট এলাকায় পৌঁছালে ৫/৬টি ট্রলার নিয়ে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের সশস্ত্র ক্যাডাররা দেশীয় অস্ত্রশস্ত্র, রাম দা, ইটের খোয়া ও রেলের পাথর দিয়ে সমাবেশগামী ট্রলারের ওপর অতর্কিত হামলা চালায়।
তিনি আরও বলেন, তাদের হামলায় বিএনপির অর্ধশত নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার (৫৪) যুগ্ম আহবায়ক শেখ লুৎফর রহমান (৬০), বিএনপি নেতা মোল্যা মনিরুল ইসলাম (৫৪), আব্দুল্লাহ (৩০), সাজ্জাদুজ্জামান (৫০), জিয়াউর রহমান ( ৪৫), মো. তাছির (৫৬), জাহাঙ্গীর হোসেন (৪৫), ইয়াছিন আলী (৩৬), শেখ হাবিুবর রহমান (৪৫), সোহরাব হোসেন (৫৬), ইকরামুল বিশ্বাস (৩৫), হারিুন মোল্লা (৪৮), ফেরদাউস মোল্লা (৪৪), শেখ সিরাজুল ইসলাম (৫০), আ. মজিদ (৬০) সুনিল দাস (৪৮), সুমন সরদার (৩৮), আ. গফফার শেখকে (৫৫) ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে আব্দুল্লাহর অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
এছাড়া আহত অন্যান্য নেতাকর্মীরা খুলনার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নেয়। ঘটনার সময়ে আত্মরক্ষার্থে শতাধিক নেতাকর্মী নদীতে ঝাঁপিয়ে পড়েন। তাদের অনেকের সন্ধান এখনো পাওয়া যায়নি বলে জানান এই বিএনপি নেতা।
খুলনা জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান বলেন, আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খুলনার মহাসমাবেশ ভুন্ডুল করার জন্য গত কিছুদিন ধরে পাইতারা চালাচ্ছিল। তারাই ফুলতলা উপজেলা বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে।
তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ফুলতলা থানার ওসি মো. ইলিয়াস তালুকদার বলেন, ঘটনাটি খুলনা এলাকাতে ঘটেছে, ফলে আইনগত বিষয়টি আমাদের এখতিয়ারের বাইরে।
সূত্র : দৈনিক অধিকার

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D