সরকার প্রচুর টাকা দেয়, সে তুলনায় কাজ উন্নত হয়না : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৭:২৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০২২

সরকার প্রচুর টাকা দেয়, সে তুলনায় কাজ উন্নত হয়না : পররাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনার সরকার উন্নয়নের জন্য প্রচুর টাকা দেয়। কিন্তু যে পরিমাণ টাকা দেয়া হয়, সে তুলনায় কাজ তত উন্নত হয়না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

শনিবার (৮ অক্টোবর ) সন্ধ্যায় সিলেট নগরীর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি তার বক্তব্যে ঢাকা-সিলেট ছয়লেন ও সিলেট-তামাবিল চারলেন সড়কের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ঢাকা-সিলেট সড়ক ৬ লেন প্রকল্প অনেকদূর এগিয়ে গেলেও সার্ভেয়ার না থাকায় জমি অধিগ্রহনের কাজটি আটকে গিয়েছিল। ৩৬ জনের জায়গায় মাত্র দু’জন সার্ভেয়ার দিয়ে কাজ চালানো হচ্ছিল। বিষয়টি জানতে পেরে আমি ভূমি মন্ত্রীর সাথে কথা বলে আরও ৬ জন সার্ভেয়ারের ব্যবস্থা করেছি।

সিলেট-তামাবিল চারলেন সড়ক প্রসঙ্গে ড. মোমেন বলেন, এটিও আমার অগ্রাধিকার প্রকল্প। এখানে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা ছিল। আমি নিরসন করেছি। আশা করছি এই শীতেই এই দুটি মহাসড়কের কাজ অনেকদূর এগিয়ে যাবে।

এরপর পররাষ্ট্রমন্ত্রী কাজের মান নিয়ে মন্তব্য করেন। বলেন, একটা বিষয় আমি খেয়াল করেছি, সরকার টাকা দিতে কম দেয়না। বরং প্রচুর টাকা দেয়। শেখ হাসিনার সরকার বিভিন্ন প্রকল্পে প্রচুর টাকা দিচ্ছে। কিন্তু সে তুলনায় কাজের মান ততটা উন্নত হয়না। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা বিষয়টি খেয়াল রাখবেন।

তিনি বলেন, আমার দরজা সবসময় খোলা। সিলেটের জিন্দাবাজারে আমার একটা অফিস আছে। দু’জন কর্মচারিও আছে। তাদের কাছে আপনারা অভিযোগ দিতে পারেন। সরাসরি আমাকেও জানাতে পারেন। তখন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবো।

তিনি নির্বাচনী এলাকার সমস্যাগুলো সমাধানের ব্যাপারে সবার দোয়া চেয়েছেন।

অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর মখলিছুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট