রাতের খাবার খেয়েই অচেতন ১৬ তাবলীগ কর্মী

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, মার্চ ১, ২০২২

রাতের খাবার খেয়েই অচেতন ১৬ তাবলীগ কর্মী

বরিশালের উজিরপুরে তাবলীগ জামাতের ১৬ জনকে অচেতন করে দেড় লাখ টাকা হাতিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, ইসলাম প্রচারের জন্য ঢাকার কাকরাইল মসজিদ থেকে ওলামায় কেরামের একটি টিম সোমবার সকালে উপজেলা ওটরা ইউনিয়নে ৪১ দিনের জন্য ইসলাম প্রচারের জন্য আসেন। প্রথমে তাদের সিদ্ধান্ত অনুযায়ী, হাবিবপুর জামে মসজিদে অবস্থান করেন ১৬ জন তাবলিগ জামাতের একটি দল।

ওই দিন রাতে এশার নামাজ পড়ে রাতের খাবার খেয়ে সকলে মাথা ঘুরিয়ে অচেতন অবস্থায় মসজিদে পড়ে থাকে। এসময় তাদের কাছে থাকা দেড় লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় মুসুল্লিরা ফজরের নামাজ পড়েতে গেলে তাবলিগ জামাতে আসা সকলেই অচেতন হয়ে পড়ে থাকতে দেখে ডাকাডাকি করেও তাদের জাগ্রত করতে না পেরে পুলিশকে খবর দেয়।

সহকারী পুলিশ সুপার উজিরপুর সার্কেল আবু জাফর মো. রহমতুল্লাহ ও মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ সহ পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থল পরিদর্শন করে অসুস্থ সকলকে পুলিশের পিকআপে করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

তাবলীগ জামাতে আসা আমির নুর মোহাম্মদ জানান, বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক আলী আফজাল হোসেন তাদের গ্রামে দ্বীনের দাওয়াতের জন্য ঢাকার কাকরাইল মসজিদ থেকে ১৬ জনের তাবলীগ জামাতের একটি দল নিয়ে এসে হাবিবপুর জামে মসজিদে অবস্থান করি। কে বা কারা রাতে খাবারের সাথে চেতনানাশক ওষুধ মিশেয়েছে তা বলতে পারবো না। যারা করেছে তারা হইতো বুঝে করেনি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক।

১৬ জনের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। বাকি ১২ জনের জ্ঞান ফিরেছে। তারা সবাই মোটামুটি সুস্থ আছে বলে জানান স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শওকত আলী।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, ঘটনাশুনে অসুস্থ সকলকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছে। যারা এই ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তদন্ত করে তাদেরকে অতিদ্রুত গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।