২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২১
মানবিক পুলিশিংয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় নায়েক সফি আহমদকে বিশেষভাবে সম্মানিত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। লকডাউনে খাদ্যসামগ্রী বিতরণ, বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান, চিকিৎসা সহযোগিতা, করোনায় মৃত ব্যক্তিদের দাফন, প্লাজমা সংগ্রহ করে প্রদানসহ বিভিন্ন মানবিক কর্মকান্ডে দৃষ্টান্ত স্থাপন করেন এসএমপি’র মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস শাখায় কর্মরত নায়েক মো. সফি আহমদ।
গতকাল বৃহস্পতিবার এসএমপি’র মিডিয়া সেল থেকে জানানো হয়, এসএমপি কমিশনার মো. নিশারুল আরিফের অনুপ্রেরণায় নায়েক সফি আহমদ করোনা পরিস্থিতিতে গত বছরের ২৬ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত মানবিকতায় দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। এমনকি তিনি ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবারসহ খাদ্যসামগ্রী বিতরণ, অসহায় দরিদ্র রোগীদের চিকিৎসাসেবা প্রদান এবং নগদ অর্থ প্রদান করে আসছেন। এ পর্যন্ত তিনি প্রায় ৩ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
এছাড়া, পবিত্র রমজান উপলক্ষে রাস্তায় ছিন্নমূল মানুষের জন্য ইফতার ও সেহরি বিতরণ, বিভিন্ন এতিমখানায় সম্পূর্ণ রমজান মাসে ইফতার ও সেহরির ব্যবস্থা করা এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সিলেট মহানগরীর পাশাপাশি কুলাউড়া উপজেলায় মানবিক টিমের মাধ্যমে ১ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
তাছাড়া, সফি আহমেদ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে নিত্যপ্রয়োজনীয় জিনিস সরবরাহসহ দরিদ্র অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়ালেখার খরচ বহন, ঘর নির্মাণে সহায়তা ও দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করে আসছেন।
এসবের পাশাপাশি সিলেট মেট্রোপলিটন পুলিশ পেইজ ও তার ব্যবহৃত ফেইসবুক আইডি- সফি আহমেদের মাধ্যমে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণের সহায়তার জন্য তার মোবাইল- ০১৭১৪-৩৬৩৪৮৬ নাম্বার দিয়ে সাধারণ মানুষদের সাহায্য সহযোগিতা করে ব্যাপক সাড়া পেয়েছেন। যার মাধ্যমে তিনি অসহায় বেকার মানুষদের স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিন, ভ্যান গাড়ি ও রিক্সার ব্যবস্থা, শারীরিক প্রতিবন্ধীদের হুইল চেয়ার, স্টিক প্রদান ও দৈনন্দিন প্রায় ১৫/২০টি পরিবারকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন।
মানবিক কার্যক্রমের পাশাপাশি দাপ্তরিক কার্যক্রমে তিনি এসএমপি’র মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস শাখায় কর্মরত থেকে এসএমপির বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, ভালো কাজের তথ্য ও ছবি সংগ্রহ করে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করেন। এছাড়া, সিলেট মেট্রোপলিটন পুলিশ পেইজে ও ইউটিউব চ্যানেলে এসএমপি’র কার্যক্রম, বিভিন্ন ব্যানার, ফেস্টুন, ভিডিওবার্তা প্রচার প্রচারণা করে আসছেন।
এসব কার্যক্রম সততা ও দক্ষতার সাথে পালন করে যাওয়ায় এসএমপি তাকে বিশেষভাবে সম্মানিত করেছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D