২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২১
বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের দ্বাদশ মৃত্যুবার্ষিকী আজ রোববার। সিলেটের উন্নয়নের রূপকার, বৃহত্তর সিলেটের এ কৃতিসন্তান ২০০৯ সালের এই দিনে ঢাকায় যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। জাতীয় সংসদে ১২ বার বাজেট পেশ করে জাতীয় রাজনীতির ইতিহাসে তিনি অমর হয়ে আছেন। সিলেট অন্ত:প্রাণ এম সাইফুর রহমান তাঁর জীবদ্দশায় সিলেটের আর্থ-সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন। সিলেটের উন্নয়নে তাঁর ব্যাপক অবদানের জন্য আজও তাঁর নাম উচ্চারিত হয়।
দেশের রাজনীতি ও অর্থনীতিতে তাঁর ব্যাপক অবদান এবং ব্যক্তিত্বপূর্ণ আচরণের জন্য দলীয় নেতাকর্মীসহ অনেকেই তাকে ‘স্যার’ হিসেবে সম্বোধন করতেন। অসাধারণ মেধাবী, খ্যাতিমান অর্থনীতিবিদ এম সাইফুর রহমান বাণিজ্যমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী ও একাধিকবার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে সিলেট তথা দেশের ইতিহাসে অমর হয়ে আছেন। সিলেটের আঞ্চলিক ভাষার সংমিশ্রণে তাঁর বক্তব্য এবং মানুষের সাথে সহজভাবে মিশে যাওয়ার চারিত্রিক বৈশিষ্ট্য মানুষের আলোচনায় এখনো স্থান পায়। ‘সিলেটবন্ধু’ কৃতী ব্যক্তিত্ব এম সাইফুর রহমান ১৯৩২ সালের ৬ অক্টোবর মৌলভীবাজারের বাহারমর্দন গ্রামে জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন তিনি। রাজনীতিতে সম্পৃক্ত না থাকলেও ১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ভাষা আন্দোলনে অংশ নেয়ায় তাকে জেল খাটতে হয়। স্বাধীনতা উত্তরকালে জিয়াউর রহমানের মন্ত্রিসভায় বাণিজ্য উপদেষ্টা হিসেবে রাজনীতিতে তাঁর অভিষেক ঘটে। পরবর্তীতে বাণিজ্য ও অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। জিয়াউর রহমানের পুরো সময় তিনি এ দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালে স্বৈরাচার পতনের পর অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে এম সাইফুর রহমান আবারো অর্থমন্ত্রীর দায়িত্ব পান। ১৯৯৬ সালে তিনি মৌলভীবাজার-৩ আসন থেকে নির্বাচিত হলেও ওই নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ সংসদীয় আসনে বিজয়ী হওয়ায় তিনি বিরোধী দলীয় সংসদ সদস্য হন। ২০০১ সালে তিনি সিলেট-১ ও মৌলভীবাজার-৩ আসনে যুগপৎ নির্বাচিত হন। এসময় তিনি মৌলভীবাজারের আসনটি ছেড়ে দিয়ে জাতীয় সংসদের মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনের প্রতিনিধিত্ব করেন। ২০০১ সালের চার দলীয় জোট সরকারের মন্ত্রিসভায় তিনি আবারো অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পান। বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও মন্ত্রিসভার সিনিয়র মন্ত্রী হিসেবে তিনি দেশের অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এসময় তিনি তাঁর নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে অবদান রেখে স্থানীয়দের ব্যাপক সহানুভূতি অর্জনে সক্ষম হন। তিনি সিলেটের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে সফল উন্নয়নযজ্ঞের সূচনা করেন বলে জনশ্রুতি আছে। ক্ষমতায় থাকাকালে সিলেটের ব্যাপক উন্নয়নের জন্য তিনি দেশের অন্যান্য জেলা ও সরকারের প্রভাবশালী ব্যক্তিদের সমালোচনার মুখে পড়েন। একনেকের বিকল্প চেয়ারম্যান হিসেবে তিনি সিলেটের অসংখ্য প্রকল্প একনেকে পাশ করিয়ে সিলেটবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁর সহজ সরল অভিব্যক্তি ও সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলায় সর্বস্তরের মানুষ তাকে আপনজন হিসেবে গ্রহণ করে নিয়েছিল। বিরল কৃতিত্বের অধিকারী এম সাইফুর রহমান ছিলেন বিলেতে চার্টার্ড একাউন্টেন্ট।
২০০৯ সালের ৫ সেপ্টেম্বর সিলেট সফর শেষে ঢাকায় ফেরার পথে বেলা পৌনে ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের খড়িয়ারা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। তাকে বহনকারী গাড়িটি রাস্তা থেকে ছিটকে পাশের একটি খাদে পড়ে পানিতে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে বৃহত্তর সিলেটসহ পুরো দেশে শোকের ছায়া নেমে আসে। তার শেষ ইচ্ছানুযায়ী মৌলভীবাজার সদরের বাহারমর্দন গ্রামে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এ ক্ষণজন্মা পুরুষের দ্বাদশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপি, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ সিলেট, মৌলভীবাজারে মরহুমের পরিবার ও দলের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রোববার সাইফুর রহমান স্মৃতি সংসদের উদ্যোগে বিভিন্ন পত্র-পত্রিকায় ক্রোড়পত্রও প্রকাশ করা হচ্ছে।
সিলেট মহানগর বিএনপি ঃ এম সাইফুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আজ রোববার বাদ আসর হযরত শাহজালাল (রহ:) মাজার মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সিলেট মহানগর বিএনপি, ২৭টি ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
এছাড়া, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে আজ রোববার বাদ এশা মানিকপীর রোডস্থ মালঞ্চ কমিউনিটি সেন্টারে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D