৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, জুন ২৬, ২০২১
বিএনপি এদেশের ব্রান্ডেড অত্যাচারী ও জনগণের সম্পদ লুণ্ঠনকারী রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির বর্তমান যেমনি হতাশাগ্রস্ত তেমনি ভবিষ্যতও কুয়াশাচ্ছন্ন। সঙ্কটের অক্টোপাস বিএনপিকে ঝেঁকে ধরেছে। নেতাদের হঠকারিতায় তাদের রাজনীতি এখন গভীর খাদের প্রান্তে অবস্থান করছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারের বিরুদ্ধে বিষোদগার না করলে বিএনপির পেটের ভাত হজম হয় না। বিএনপি তাদের ব্যর্থতা ঢাকতে আবোল তাবোল বকছে এবং সরকারের বিরুদ্ধে অবিরাম মিথ্যাচারের ভাঙ্গা রেকর্ড বাজিয়ে যাচ্ছে।
‘দেশে এখন চরম দুঃসময় চলছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশ নয়, চরম দুঃসময় চলছে এখন বিএনপি’র রাজনীতিতে। শীর্ষ নেতৃত্বের প্রতি আস্থাহীনতা, সিদ্ধান্তহীনতা, নির্বাচনবিমূখতা এবং অগণতান্ত্রিক চর্চা বিএনপিকে দিন দিন জনবিচ্ছিন্ন করছে।
নেতাকর্মীদের হতাশাকে করেছে দীর্ঘায়িত এবং নেতিবাচক ও অপরাজনীতিও তাদেরকে করে তুলছে জনবিচ্ছিন্ন। ‘সরকার জনগণের উপর অত্যাচার চালাচ্ছে’ বিএনপি নেতাদের এই বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এটা তাদের চিরাচরিত কল্পিত অভিযোগের ফানুস উড়ানো নিত্যদিনের রুটিন।
করোনা মহামারীর এই আগ্রাসী রূপ ঠেকাতে এবং নিজের সুরক্ষায় সচেতনতার সর্বোচ্চ নজির স্থাপন করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এ অবস্থায় ঘরে ঘরে সচেতনতার দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলতে হবে।
সামান্য অবহেলায় জীবন হতে পারে বিপন্ন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মানুষের জীবনের সুরক্ষায় সরকারের নেয়া সিদ্ধান্ত কঠোরভাবে সবাই প্রতিপালন করবেন। প্রশাসন ও পুলিশকে ফাঁকি দেয়া যায় কিন্তু মৃত্যুকে ফাঁকি দেয়া যায় না। তাই স্বাস্থ্যবিধির প্রতি অবহেলা আমাদের জীবন থেকে ছিটকে দিতে পারে।
সূত্র : বাসস

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D