সিলেট মহানগর আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটিতেও পরিবর্তন আসছে

প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০২১

সিলেট মহানগর আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটিতেও পরিবর্তন আসছে

দলীয় সভানেত্রীর নির্দেশে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের প্রস্তাবিত দু’টি কমিটি কেন্দ্রে জমা দিয়েছিলেন সিলেটের নেতারা। কমিটি দু’টি জমা দেয়ার পরপরই সিলেট আওয়ামী লীগে তোলপাড় শুরু হয়। এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেন। পরে ক্ষুব্ধ নেতারা ঢাকায় গিয়ে সিলেটের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের কাছে তাদের অভিযোগ জানিয়েছিলেন। লিখিত বক্তব্যও জমা দেন কেউ কেউ। এরপর নড়েচড়ে বসেন কেন্দ্রীয় নেতারা। বিশেষ করে কমিটি গঠনকে কেন্দ্র করে কোনো বিরোধ যাতে নতুন করে তৈরি না হয় সে কারণে কেন্দ্রীয় নেতারা পর্যালোচনার জন্য সময় নেন। নানামুখী পর্যালোচনা এবং বিশ্লেষণের পর কমিটি দু’টি চূড়ান্তকরণের কাজ চলছে।
ইতিমধ্যে সিলেট জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটি নিয়ে ঢাকায় দু’দফা বৈঠক হয়েছে। এসব বৈঠকে সিলেট জেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে বিতর্ক এড়াতে কিছু কিছু পরিবর্তন আনা হয়েছে। সবার মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য করা হচ্ছে কমিটিকে। জেলা কমিটির খসড়া চূড়ান্ত করার পর এখন মহানগর আওয়ামী লীগ নিয়ে কাজ শুরু করেছেন কেন্দ্রীয় নেতারা।
সূত্র জানায়, সিলেট মহানগর আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির বিষয়ে গতকাল ঢাকায় দলীয় কার্যালয়ে বৈঠক হয়েছে। বৈঠকে সিলেটের দায়িত্বপ্রাপ্ত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ ও জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) সাখাওয়াত হোসেন শফিক, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান ও কেন্দ্রীয় সদস্য ডা. মুশফিক চৌধুরী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত) শফিউল আলম চৌধুরী নাদেলও। এছাড়া সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনও উপস্থিত ছিলেন। বৈঠকে মহানগর আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির কয়েকটি পদ নিয়ে আলোচনা হয়। সিলেট মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন বদর উদ্দিন আহমদ কামরান। ফলে কামরানপুত্র ডা. আরমান আহমদ শিপলুকে সিলেট মহানগর কমিটিতে অন্তর্ভুক্ত করা নিয়েও আলোচনা হয়। এর আগে শিপলু জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এবারের জেলা কমিটিতে তাকে রাখা হলেও পরবর্তীতে বাদ দেয়া হয়েছে। বৈঠকে উপস্থিত থাকা এক নেতা জানিয়েছেন- মহানগর আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটিতেও কিছু পরিবর্তন হতে যাচ্ছে। এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় নেতারা সিলেটের নেতাদের নির্দেশনা দিয়েছেন। পরবর্তী বৈঠকে মহানগর কমিটিও চূড়ান্ত করা হবে। নয়া কমিটি গঠন নিয়ে সিলেেটে দ্বিধাবিভক্ত মহানগর কমিটি।
সিলেটের নেতারা জানিয়েছেন- সিলেট মহানগর আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটি নিয়ে ইতিমধ্যে কেন্দ্রের কাছে ২৩ জন নালিশ করেছেন। লিখিতভাবে তাদের বক্তব্য তুলে ধরে কমিটি থেকে বাদ পড়ায় বিস্ময় প্রকাশ করেছেন। কমিটিতে যথাযথ সম্মান না পাওয়ার বিষয়েও বিচারপ্রার্থী হয়েছেন। তারা জানান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সম্পাদক মণ্ডলীর কয়েকটি পদ নিয়ে ইতিমধ্যে আপত্তি উঠেছে। সিলেট শহর আওয়ামী লীগ থেকে মহানগর আওয়ামী লীগের সর্বশেষ কমিটিতে ছিলেন কয়েকজন নেতা। এবারের কমিটি থেকে তাদের বাদ দেয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট