কমলগঞ্জে রাজকান্দি বন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৬

কমলগঞ্জে রাজকান্দি বন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনের দুর্গম পাহাড়ি এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ, পুলিশ, ফায়ার সার্ভিস ও বিজিবির যৌথ দল।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে হামহাম জলপ্রপাত সংলগ্ন ‘সীতাব’ নামের জলধারা থেকে মরদেহটি উদ্ধার করে বনের বাইরে নিয়ে আসা হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে পর্যটন এলাকা হামহামের মোকাম টিলা সংলগ্ন সীতাবের পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় কয়েকজন মাছ শিকারি। পাহাড়ি ছড়ায় মাছ ধরার সময় মরদেহটি দেখতে পেয়ে তারা দ্রুত বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানান।
খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযান শুরু করে বন বিভাগ, পুলিশ, ফায়ার সার্ভিস ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সমন্বয়ে গঠিত যৌথ দল।

উদ্ধার অভিযানে স্থানীয়ভাবে সহযোগিতা করেন চাম্পারায় চা বাগানের ব্যবস্থাপক রাহেল রানা, স্থানীয় ইউপি সদস্য সজয় কিশোর যাদবসহ স্থানীয় বাসিন্দারা। দুর্গম পাহাড়ি পথ ও প্রতিকূল পরিবেশে দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টার পর শুক্রবার ভোরে মরদেহটি উদ্ধার করা হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কমর উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে মরদেহের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট