১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২০
আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা ও জালিয়াতির অভিযোগে মামলার বাদীকেই জেল হাজতে পাঠিয়েছেন বিচারক।
গতকাল মঙ্গলবার মৌলভীবাজার ৩নং আমল গ্রহণকারী আদালতের বিচারক ও বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, জেলার কমলগঞ্জ উপজেলার মো. হাবিবুর রহমান (সিআর-২২৪/২০২০ নম্বর) মামলার বাদী। গতকাল মঙ্গলবার মামলার হাজিরার তারিখ ধার্য্য ছিল। মামলা শুনানী চলাকালে আসামীপক্ষের আইনজীবী দাবী করেন ‘মিথ্যা অভিযোগ ও জাল কাগজাদি’ তৈরি করে মামলাটি দায়ের করা হয়েছে এবং বাদীপক্ষে নিযুক্ত আইনজীবী মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য নন এবং ভুয়া। এতে বিচারকের সন্দেহ হলে এবং বাদীপক্ষে কোন আইনজীবী আদালতে উপস্থিত না থাকায় বাদীপক্ষের নালিশা দরখাস্তে বর্ণিত আইনজীবীর একই নামীয় মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির দু’জন সদস্যকে আদালতে তলব করা হয়।
ওই আইনজীবীরা আদালতে উপস্থিত হয়ে জানান, তারা কেউই সি.আর-২২৪/২০২০ (কমলগঞ্জ) নং মামলায় বাদীপক্ষে নিযুক্ত আইনজীবী নন এবং নালিশা দরখাস্তে প্রদত্ত স্বাক্ষর তাদের কারো নয় এবং তারা ন্যায় বিচারের স্বার্থে এ জালিয়াতি চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন করেন।
এ সময় উপস্থিত সি.আর-২২৪/২০২০ (কমলগঞ্জ) নং মামলার বাদী মো. হাবিবুর রহমান জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মোহাম্মদ নিজাম উদ্দিনের মাধ্যমে চুক্তিনামা তৈরি করে প্রতারণা ও হয়রানী করার উদ্দেশ্যে বর্ণিত মামলাটি দায়ের করেন। তিনি অভিযুক্তদের চিনেন না এবং বিদেশ যাবার বিষয়ে কোন টাকা পয়সার লেনদেন ও চুক্তি হয়নি।
পরে আদালত উষ্মা প্রকাশ করে মামলা খারিজ করে অভিযুক্তদের অব্যাহতি প্রদান করেন এবং আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা, প্রতারণা ও জাল জালিয়াতির অভিযোগে মো. হাবিবুর রহমানকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালত জানান, বাদী মো. হাবিবুর রহমান ও এডভোকেট মোহাম্মদ নিজাম উদ্দিন পরস্পর যোগসাজশে মিথ্যার আশ্রয় নিয়ে সি.আর-২২৪/২০২০ (কমলগঞ্জ) মামলায় উল্লেখিত অভিযুক্তদের হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা আনয়ন করে আদালতের সময় নষ্টসহ বিচারিক কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করেছেন যা শাস্তিযোগ্য অপরাধ। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D