ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন

প্রকাশিত: ২:০৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৬

ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক সামাজিক আন্দোলন ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আগামীকাল সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে প্রতীকী মানববন্ধন এবং ২০ অক্টোবর বৃহস্পতিবার সভা অনুষ্ঠিত হবে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গত ৮ অক্টোবর  ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

মন্ত্রী কর্মসূচির বিস্তারিত তুলে ধরে বলেন, ১৮ অক্টোবর সকাল ১১টা থেকে সারাদেশে সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়সমূহ নিজ নিজ ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে ১৫ মিনিটের জন্য প্রতীকী মানববন্ধন আয়োজন করবে।

তিনি বলেন, আগামী ২০শ অক্টোবর একইভাবে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সভা অনুষ্ঠিত হবে। শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করবেন।

তিনি আরো বলেন, স্থানীয়ভাবে কমিটি গঠন করে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে জনমত সৃষ্টিতে প্রচারণাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কমিটির মাধ্যমে ছাত্রীদের উত্ত্যক্তকারী বখাটেদের সনাক্ত করে তাদের শোধরানোর চেষ্টা করা হবে। কোন উক্ত্যক্তকারীকে শোধরানো না গেলে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে বলে মন্ত্রী তার বক্তৃতায় উল্লেখ করেন।