৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০
সরকারকে বাধ্য করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আমাদের আন্দোলন শুরু হয়ে গেছে। অনেক বলেছি, আবারও বলছি, অবিলম্বে আমাদের নেত্রীকে মুক্তি দিন। তা না হলে আপনাদের (সরকার) কর্মকাণ্ডের জন্য আপনারাই দায়ী হবেন। জনগণের কাছে আপনাদেরই জবাবদিহি করতে হবে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় সারা দেশে আগামী ১৫ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, আমরা অনেক কথা বলেছি, অনেক সভা করেছি, অনেক দাবি জানিয়েছি, নির্বাচনেও অংশ নিয়েছি। এখন আমাদের একটাই কথা, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে জনগণের জেগে উঠতে হবে এবং দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্তির দিনে তাকে মুক্তির দাবিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে দলটি। দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন খালেদা জিয়া। গত বছরের ১ এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি বন্দি অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। আজ বিএনপি চেয়ারপারসনের কারাবাসের দুই বছর পূর্ণ হলো।
সমাবেশ উপলক্ষে ফকিরেরপুল মোড় থেকে বিজয়নগরের নাইটেঙ্গল মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। এ দিন বিকাল ৩টার মধ্যে হাজার হাজার মানুষ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। এ সময় নেতাকর্মীরা খালেদার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে ঢাকা সিটি নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলেও নানা স্লোগান দিতে দেখা যায়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া খুবই অসুস্থ, তার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে তিনি এখন হাঁটতে পারেন না। অন্যের সাহায্য নিয়ে তাকে চলতে হয়। তার ৬ থেকে ৭ পাউন্ড ওজন কমে গেছে। তিনি এখন ঠিকমতো খাবার খেতে পারেন না।
তিনি বলেন, বিনা কারণে রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। আমাদের প্রিয় নেতাকে দেশের মানুষ সার্বভৌমত্বের প্রতীক মনে করে। আর সেই নেতাকে যারা রাজনৈতিক প্রতিহিংসার কারণে কারাবন্দি করে রাখতে পারে তাদের এ দেশের জনগণ কোনো দিন ক্ষমা করবে না।
এর আগে দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু হয়। বেলা ১১টার থেকে ছোট বড় মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে উপস্থিত ছিলেন— স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ, মির্জা আব্বাস, মওদুদ আহমেদ, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ, শামসুজ্জামান দুদু, মো. শাজাহান, আবদুল আউয়াল মিন্টু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন চৌধুরী। এছাড়া দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D