|
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৬
গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শ দিতে জেমিনিতে নতুন সুবিধা চালু করছে গুগল। ‘পার্সোনাল ইন্টেলিজেন্স’ নামের এ সুবিধার মাধ্যমে জিমেইলসহ গুগলের বিভিন্ন অ্যাপে থাকা তথ্য বিশ্লেষণ করে ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী উত্তর দিতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সহকারীটি। আগামী কয়েক মাসের মধ্যে গুগল বিল্ট-ইন প্রযুক্তিযুক্ত গাড়িতেও সুবিধাটি চালুর পরিকল্পনা রয়েছে।
গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েড অটোতে পার্সোনাল ইন্টেলিজেন্স যুক্ত হলে জেমিনির তথ্য বিশ্লেষণ ও যুক্তি প্রয়োগের সক্ষমতা বাড়বে। ফলে গাড়ি চালানোর সময় ব্যবহারকারীরা আরও নির্দিষ্ট ও প্রাসঙ্গিক তথ্য পাবেন।
নতুন সুবিধার মাধ্যমে গাড়িতে বসেই ফ্লাইটের বোর্ডিং গেট বা উড্ডয়নের সময় সম্পর্কে জানতে পারবেন ব্যবহারকারীরা। উদাহরণস্বরূপ, বিমানবন্দরে যাওয়ার পথে কেউ জেমিনিকে তার ফ্লাইটের বোর্ডিং গেট কিংবা ফ্লাইট সময়মতো চলছে কি না, তা জিজ্ঞাসা করতে পারবেন। জিমেইল অ্যাকাউন্ট যুক্ত থাকলে ই-মেইলে থাকা বুকিংসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে উত্তর দিতে পারবে জেমিনি। এতে প্রয়োজনীয় তথ্য খুঁজতে গাড়ি থামানোর দরকার হবে না।
এ ছাড়া ব্যবহারকারীরা স্বাভাবিক কথোপকথনের মাধ্যমেই গন্তব্য নির্ধারণ করতে পারবেন। যেমন, চিকিৎসকের চেম্বারের নির্দিষ্ট ঠিকানা না বলে ‘আমাকে আমার চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টে নিয়ে চলো’ বললেই প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে গন্তব্য খুঁজে দিতে পারবে এআই সহকারীটি।
নতুন শহরে ভ্রমণের সময় খাবারের জন্য উপযুক্ত রেস্তোরাঁ খুঁজতেও জেমিনির সহায়তা নেওয়া যাবে। এ ক্ষেত্রে ব্যবহারকারীর ব্যক্তিগত পছন্দ ও খাদ্যসংক্রান্ত বিধিনিষেধ, যেমন নিরামিষ খাবারের চাহিদা বিবেচনায় নিয়ে রেস্তোরাঁর পরামর্শ দিতে পারবে এটি।
চলতি বছরের শুরুতে পার্সোনাল ইন্টেলিজেন্স সুবিধা চালু করে গুগল। প্রথমে গুগল এআই প্রো ও আলট্রা সাবস্ক্রাইবারদের জন্য এটি উন্মুক্ত করা হলেও পরে মার্চ মাসে বিনা মূল্যের অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্যও চালু করা হয়।
তবে এ সুবিধা ব্যবহার করা বাধ্যতামূলক নয়। ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় এটি বন্ধ করতে পারবেন। একই সঙ্গে জেমিনি কোন কোন অ্যাপের তথ্য ব্যবহার করতে পারবে, তা নিয়ন্ত্রণের সুযোগও থাকবে।
গুগলের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার থেকে বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড অটো ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে সুবিধাটি চালু করা হচ্ছে। তবে প্রাথমিক পর্যায়ে সুইজারল্যান্ড, ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (ইইএ), যুক্তরাজ্য ও নাইজেরিয়ায় এটি পাওয়া যাবে না। আগামী কয়েক মাসের মধ্যে গুগল বিল্ট-ইন প্রযুক্তিযুক্ত গাড়িতেও পার্সোনাল ইন্টেলিজেন্স চালুর পরিকল্পনা রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D