২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০
আচরণবিধি লঙ্ঘন হামলা হয়রানি কূটনীতিকদের জানালো বিএনপি
বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে ইভিএমে হতে যাওয়া ঢাকা সিটি নির্বাচনে কারচুপির আশঙ্কা জানিয়েছে বিএনপি। গতকাল রবিবার গুলশানে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সমস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এতথ্য দেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির সিনিয়র নেতারা গতকাল রবিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিয়োজিত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বসেন। বিকাল ৪টা থেকে থেকে ঘণ্টাব্যাপী ওই বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, কানাডা ভারত, ফান্স, তুরস্ক, জার্মানি, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়নসহ ২০টি দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীদের ‘আচরণবিধি লংঘন করে’ নানা কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিরোধী প্রার্থীদের ওপর ‘হামলা ও দমনের’ বিভিন্ন অভিযোগ বিদেশি কূটনীতিকদের জানালেন বিএনপি নেতারা। রুদ্ধদ্বার এই বৈঠকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির প্রার্থীদের ওপর হামলা, হয়রানি, মামলা ও গ্রেফতারসহ নির্বাচনি আচরণবিধি লংঘনের বিভিন্ন অভিযোগ করেন বিএনপি নেতারা। মির্জা ফখরুল ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী, নির্বাহী কমিটির সদস্য জেবা খান, ব্যারিস্টার মীর হেলাল প্রমুখ নেতৃবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, বাংলাদেশে যা চলছে তার সার্বিক প্রেক্ষাপট, সিটি নির্বাচন ঘিরে যেসব ঘটনা ঘটছে সেগুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। মানুষ অধিকারহীন অবস্থায় আছে। ভোট তো হচ্ছে যেখানে অধিকার থাকবে সেখানে ভোট হবে এবং ভোটের প্রক্রিয়া সুষ্ঠু হবে সেখানে ভোট হবে- এই সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে। আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনি ‘আচরণবিধি লংঘন করে’ রাস্তার ফুটপাতে ক্যাম্প স্থাপন, বড় বড় পোস্টার ছাপানো, সময়-অসময়ে মাইক ব্যবহার ইত্যাদি নানা কার্যক্রম করে যাচ্ছে বলে কূটনীতিকদের বলেছেন বিএনপি নেতারা।
আমীর খসরু বলেন, নির্বাচনে কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নেই। যেখানে লেভেল প্লেয়িং ফিল্ড হবে না সেখানে নির্বাচনের ওপর মানুষের ভরসা কোত্থেকে আসবে? যত ধরনের বাধা-বিপত্তি সৃষ্টি করে একপক্ষকে আটকে রাখা হচ্ছে এবং আরেক পক্ষ সকল আইনভঙ্গ করে নির্বাচনি কার্যক্রম চালাচ্ছে। কূটনীতিকদের কাছে এ বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল এবং দক্ষিণের ইশরাক হোসেনের ওপর ‘হামলার ঘটনা’ এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলার বিষয়টিও বৈঠকে তুলে ধরা হয়েছে বলে জানান খসরু।
ইভিএমে ভোটের বিষয়টিও আলোচনায় এসেছে জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ওরা (কূটনীতিকরা) প্রযুক্তিগতভাবে উন্নত দেশ। তারা কেউ কিন্তু ইভিএম ব্যবহার করছে না। কারণ ইভিএম ব্যবহার করার অর্থ হচ্ছে যে, প্রোগ্রামিংটা যারা করবে তাদের পক্ষে যাবে। প্রোগ্রামে যা থাকবে তাই রেজাল্ট হবে- এটা পরিষ্কার। বেশিরভাগ দেশে ইভিএম ব্যবহার হচ্ছে না। দুই-চারটা দেশে যারা ব্যবহার করছে সেখানে সমস্যা দেখা দিচ্ছে। বাংলাদেশের মানুষ সারা জীবন ব্যালট পেপারে ভোট দিয়ে আসছে কোনো সমস্যা নাই। সেখানে চার হাজার কোটি টাকায় ইভিএম এনে ভোটকে প্রশ্নবিদ্ধ করে মানুষের ভোটাধিকার কেড়ে নেয়ার যে প্রক্রিয়া এটা গ্রহণযোগ্য হতে পারে না।
সংঘর্ষ প্রত্যাশিত নয়, সুষ্ঠু নির্বাচন চাই : ব্রিটিশ হাইকমিশনার
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, এ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়া সবারই কাম্য। আমি আশা করবো একটা সুষ্ঠু নির্বাচন হবে, আমরা সুষ্ঠু নির্বাচন আশা করি।
গতকাল রবিবার দুপুরে রাজধানীর গোপীবাগে নির্বাচনি প্রচারণায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, সংঘর্ষের ঘটনা প্রত্যাশিত নয়, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। নির্বাচনে প্রতিযোগিতায় সংঘর্ষ কোনোভাবেই হওয়া উচিত নয়। ঢাকা দেিণ বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের সাথে দেখা করে বেরিয়ে এসব কথা বলেন তিনি।
রবার্ট চ্যাটার্টন বলেন, আমি সব মেয়র প্রার্থীর সাথে দেখা করছি। তারই অংশ হিসেবে আজ বিএনপির প্রার্থীর সাথে দেখা করতে এসেছি। আমি ইলেকশন কমিশনের সাথে কথা বলেছি, তারা কীভাবে নির্বাচন পরিচালনা করছে সে বিষয়ে কথা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D