১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০
দেশে গণতন্ত্র নেই বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে সমাহিত করা হয়েছে। আজকে আপনারা উৎসব পালন করছেন, খুব ভালো কথা। কিন্তু বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে আপনারা উৎসব করছেন। এ দেশের মানুষকে অসুস্থ রেখে তাদের এ উৎসব কতটুকু ফলপ্রসূ হবে, সেটাই ভেবে দেখতে হবে। মন্ত্রিত্ব ছেড়ে ওবায়দুল কাদেরকে ঢাকার সিটি নির্বাচনে প্রচারে অংশ নেয়ার চ্যালেঞ্জ দিলেন মির্জা ফখরুল। তিনি বলেন, মন্ত্রিত্ব ও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। আসুনÑ আপনি নৌকার জন্য করেন, আমি ধানের শীষের জন্য করি। লেট আস ফেইস দ্য চ্যালেঞ্জ। দেখা যাক, জনগণ কার দিকে থাকে। ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রচার চলার মধ্যে গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
স্থানীয় নির্বাচনে মন্ত্রী-এমপিদের প্রচারে নিষেধাজ্ঞা থাকার বিষয়টি নিয়ে আপত্তি তুলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, বিএনপি মহাসচিব ভোটের প্রচার চালাতে পারলে তিনি কেন পারবেন না? মির্জা ফখরুল বলেন, এক শ বার পারবেন। এই মুহূর্তে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন, আসেন এক সাথে নির্বাচন করি। তাহলেই পারবেন। আইন তো তাই বলে। আইন বলে যে, আপনি মন্ত্রী এবং এমপি থাকলে আপনি এটা পারবেন না। নির্বাচনে সবার সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জানিয়ে তিনি বলেন, আজকে ক্ষমতা থেকে নেমে আসুন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুন। একটা নিরপেক্ষ সরকার বসিয়ে দেন। নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন করুক। সেই নির্বাচনে যদি আপনারা জেতেন, মাথা পেতে নেবে। কিন্তু আপনারা জানেন, সেটা কোনোদিন হবে না। সে জন্য কৌশল করে বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করছেন। এটা কখনোই জনগণ মেনে নেবে না। তারপরও নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন-নির্বাচন খেলা করছেন, আমরা জানি। তারপরেও আমরা নির্বাচনে যাচ্ছি। কেন যাচ্ছি খুব পরিষ্কার করে বলেছি- আমাদের গণতন্ত্রের মুক্তি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির সংগ্রামের আন্দোলনের একটা হাতিয়ার হিসেবে আমরা নির্বাচনে যাচ্ছি।
বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্যেরও সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, তিনি বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন কোনো অসুস্থ নন যে তাঁকে চিকিৎসার জন্য বাইরে পাঠাতে হবে। এই ধরনের কথা আপনার কাছ থেকে আশা করি না। আমরা আশা করি, সত্যিকার অর্থে একজন রাজনৈতিক নেত্রী বাংলাদেশের মানুষ যাকে ভালোবাসে তাঁর চিকিৎসার জন্য আপনারা সঠিক কথা বলুন। এখন আপনাদের কোর্টে বল, এখন আর আদালতে কোর্টে বল নেই। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যে কোনো অবনতির দায়-দায়িত্ব সব আপনাদের। যদি বেগম খালেদা জিয়ার কোনো ক্ষতি হয়, তাহলে সম্পূর্ণভাবে আপনাদেরকেই দায়ী থাকতে হবে। বেগম খালেদা জিয়ার জামিন না হওয়ার বিষয়ে মির্জা ফখরুল বলেন, যে মামলায় যে কোনো মানুষ জামিন পায়। আজকে ব্যারিস্টার নাজমুল হুদা জামিন পায়, মহীউদ্দীন খান আলমগীর জামিন পায়, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জামিন পায়, তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেন জামিন পাবেন না? কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাইরে থাকলে আপনাদের ওই তখতে তাউস, আপনাদের মসনদ জনগণ ভেঙে ফেলবে। এই কারণে আপনারা তাকে আটকিয়ে রেখেছেন।
সরকারকে হুঁশিয়ার করে বিএনপি মহাসচিব বলেন, এভাবে দখল করে, জোর করে, নির্যাতন করে, গুলি করে, গুম করে চিরদিন ক্ষমতায় টিকে থাকা যায় না। শেখ মুজিবুর রহমানের কথা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাইÑ ‘দাবায়ে রাখতে পারবা না’। বাংলার মানুষকে দাবায়ে রাখা যাবে না। ওয়ান-ইলেভেনের দিনটি স্মরণ করে মির্জা ফখরুল বলেন, আমি সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতাদের ধন্যবাদ জানাতে চাই, তারা যে দিনটি বাংলাদেশের ইতিহাসে কলঙ্কময় দিন বলে লেখা আছে, সেই দিনে যে জনপ্রিয় নেত্রীকে সম্পূর্ণ বেআইনিভাবে আটক করে রাখা হয়েছে, তাঁর মুক্তির জন্য এই সমাবেশের আয়োজন করেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D