কাদের সাহেব দায়িত্ব নেওয়ার পরদিনই রক্তাক্ত ডাকসু : রিজভী

প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯

কাদের সাহেব দায়িত্ব নেওয়ার পরদিনই রক্তাক্ত ডাকসু : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় দায়িত্ব নেওয়ার পর দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের ওপর বাতি নিভিয়ে হামলা করেছে। ছাত্রদের রক্তে রঞ্জিত হয়েছে ক্যাম্পাস, রক্তাক্ত হয়েছেন ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) ভিপি নুরুল হক নুর।

সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী বলেন, আওয়ামী লীগের কাউন্সিলে শেখ হাসিনা বলেছেন, ‘আমি ভেবেছিলাম, আপনারা আমাকে ছুটি দেবেন।’ ছুটি অন্যরা দেবে কেন, ছুটি আপনি নিজেই নিয়ে নিতে পারতেন। আসলে আপনার এসব কথা জনগণের সঙ্গে ‘ডার্ক হিউমার’। রাজনীতি থেকে অবসরের কথা আপনি এর আগেও বলেছিলেন; কিন্তু সে কথাও রাখেননি। অর্থাৎ আপনি মুখে যা বলেন অন্তরে পোষণ করেন অন্যটি। জিঘাংসা ও ভোগবাদের মিলিত রূপ আপনার সরকার। সেখানে মানবতা আর ন্যায়বিচারের কোনো বালাই নেই। দলীয় প্রধানের পদসহ দখল করা মসনদের প্রধান আপনি। সুতরাং আপনি আপনার কুক্ষিগত কোনো পদ থেকে সরে যাবেন– এটি পাগলেও বিশ্বাস করবে না।

বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার সব দলিত-মথিত করে আওয়ামী লীগের কাউন্সিল করা হয়েছে। সব মৌলিক অধিকার কেড়ে নিয়ে, ভোটাধিকার ডাকাতি করে, দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে ক্ষমতাসীনরা কাউন্সিলে বাগাড়ম্বরের নামে জনগণের সঙ্গে ঠাট্টা করেছে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট