৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৯
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সেটা শুধু নেত্রী (শেখ হাসিনা) ও আল্লাহ জানেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের প্রস্তুতি দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউন্সিলরদের মাইন্ডসেট বোঝেন। নেত্রী জানেন, কাউন্সিলররা কী চান। আবার কাউন্সিলররাও জানেন, নেত্রী কী চান। কীভাবে আওয়ামী লীগ সাজাবেন সেটাও নেত্রী জানেন। সেটা ২১ তারিখই পরিষ্কার হবে।
এবারের সম্মেলনের মধ্য দিয়ে দল ও সরকার আলাদা হচ্ছে কি না এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দল ও সরকার কীভাবে আলাদা হবে? আওয়ামী লীগ সভাপতি দলেরও প্রধান, আবার সরকারেরও প্রধান। আমাদের বিকল্প আছে, নেত্রীর বিকল্প নেই।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টায় আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধন হবে। পরেরদিন (২১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুরু হবে কাউন্সিল অধিবেশন।
সম্মেলন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা নতুন-পুরোনো মিলে আওয়ামী লীগকে একটা উপযোগী শক্তি হিসেবে এগিয়ে নিয়ে যাব। আগামীকালের সম্মেলন নিয়ে একটা উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। এটি একটি ঐতিহাসিক আয়োজন। শীতের তীব্রতার মধ্যেও সম্মেলনে আসতে নেতাকর্মীদের ঢল প্রবল হচ্ছে। সারাদেশ থেকে শুক্রবার অসংখ্য নেতাকর্মী এ ঐতিহাসিক আয়োজনে যোগ দেবেন।
দ্বিতীয় মেয়াদে আবারও সাধারণ সম্পাদক হিসেবে আপনার নাম শোনা যাচ্ছে সাংবাদিকদের এই প্রশ্নের কাদের বলেন, এটা আল্লাহপাক জানেন, নেত্রী জানেন।
তিনি বলেন, বিজয়কে সংহত করার পথে কিছু কিছু বাধা আছে, চ্যালেঞ্জ আছে। এখনো তলে তলে বড় ধরনের হামলা হতে পারে। সাম্প্রদায়িক শক্তি ও জঙ্গিবাদ সক্রিয় হতে পারে। এখনো ভেতরে ভেতরে তাদের শক্তি কাজ করছে। সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ, তার মূল উৎপাটন করতে হবে।
প্রসঙ্গত, রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন আগামী ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তিন বছর পর পর আওয়ামী লীগের এই জাতীয় সম্মেলন হয়। কাউন্সিলের উদ্বোধন করবেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর দিন সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে কাউন্সিল অধিবেশন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D