৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৯
বিএনপি সাম্প্রদায়িক রাজনীতি ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রায় দেবে। এ নিয়ে তারা অগ্নিসন্ত্রাসের হুমকি দিচ্ছে। তবে আওয়ামী লীগের যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করার শক্তি আছে। যদি তারা সহিংসতার পথে যায় তবে আইন প্রয়োগকারী সংস্থা তাদের সমুচিত জবাব দেবে। আপনারা অত্যন্ত সতর্ক থাকবেন, নিজে থেকে কেউ কিছু করবেন না। তবে আক্রান্ত হলে চুপও থাকবেন না।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বুধবার (১১ ডিসেম্বর) বিকালে আয়োজিত ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি একথা বলেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমাদের আগামী দিনগুলো অত্যন্ত চ্যালেঞ্জিং। কারণ যারা প্রতিপক্ষ, তারা অতি সহজে ছেড়ে দেবে না। ক্ষমতা নিজেদের দখলে নিতে তারা নানা চক্রান্তের পথ বেছে নিয়েছে। এমনকি খালেদা জিয়ার জামিনকে কেন্দ্র করে তারা সর্বোচ্চ আদালতকে হুমকিও দিচ্ছে।
তিনি বলেন, এক দিকে মেডিকেল বোর্ডে তাদের পছন্দের ডাক্তার রয়েছে। অন্যদিকে, মেডিকেল বোর্ড যে রিপোর্ট দিচ্ছে, তাতেও সন্দেহ প্রকাশ করছেন মির্জা ফখরুল। সবকিছুতেই তাদের সন্দেহ।
সেতুমন্ত্রী বলেন, মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিএনপি নেতারা হুট করে বললেন, সংখ্যালঘুরা তাদের আমলে ভালো ছিল! হায়রে দুর্ভাগা দেশ! অথচ মাইনোরিটি নির্যাতনে তাদের কর্মকাণ্ডের সঙ্গে একাত্তরের তুলনা চলে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঢাকা মহানগরের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলকে সামনে রেখে কেউ বাড়াবাড়ি করবেন না। স্লোগান দিয়ে কাউকে নেতা বানাবেন না। নেতাদের হতে হবে কর্মীবান্ধব ও জনবান্ধব। কাজেই খারাপ লোকদের দিয়ে দল ভারী করার প্রয়োজন নেই। আপন বলতে দলের লোককেই আপন ভাববেন। আমাদের ইমেজ ঘাটতি রয়েছে। নতুন নেতৃত্বকে সেই ঘাটতি পূরণ করতে হবে।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘ঢাকা সিটি নির্বাচনে স্বচ্ছ ভাবমূর্তি নিয়েই অংশগ্রহণ করতে চাই। বিতর্কিতদের বাদ দিয়ে নতুন এক বার্তা আমরা ভোটারদের কাছে পৌঁছে দিতে চাই। সে লক্ষ্যকে সামনে রেখে ঢাকা মহানগরে নতুন দুইজনকে নেতৃত্বে আনা হয়েছে। পাশাপাশি মহানগরে যারা পদ পাবেন, তারা থানায় পদ নিতে পারবেন না। একই ব্যক্তির দুই জায়গায় পদ নয়।’
মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে বর্ধিত এই সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ উত্তরের নেতাকর্মী এবং দলীয় ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D