৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৯
বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলনের শুভ উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পূর্বে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এবারের সম্মেলনে ১ হাজার ৯৭৫ জন কাউন্সিলর এবং প্রায় ১৮ হাজার ডেলিগেট উপস্থিত থাকছেন। অতিথি থাকছেন প্রায় ১৫ হাজার। তবে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি অব্যাহতি পাওয়া সংগঠনের সভাপতি মোল্লা মো. আবু কাওছার ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকে।
সংশ্লিষ্টরা বলছেন, ১৯৯৪ সালে যে লক্ষ্য নিয়ে স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠিত হয়েছিল তা পূরণে অনেকটাই ব্যর্থ ছিলেন বর্তমান কমিটির শীর্ষ নেতারা। নিজেদের আখের গোছাতেই বেশি ব্যস্ত ছিলেন তারা। যে কারণে সম্মেলনের আগমুহূর্তে সভাপতি মোল্লা মো. আবু কাওছার ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকে সম্মেলনের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।
আজ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর ও দক্ষিণের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৭১ জনের নাম প্রস্তাব করেছেন কাউন্সিলররা। এর মধ্যে উত্তরে ১১ জন সভাপতি ও ১৮ জন সাধারণ সম্পাদক এবং দক্ষিণে ১৪ জন সভাপতি ও ২৮ জন সাধারণ সম্পাদক প্রার্থী রয়েছেন।
এ দিকে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদের ক্ষেত্রে এগিয়ে আছেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্মল রঞ্জন গুহ ও আরেক সহসভাপতি মতিউর রহমান মতি। এ ছাড়া আলোচনায় আছে সহসভাপতি মঈন উদ্দীন মঈন, আফজালুর রহমান বাবুর নামও।
সাধারণ সম্পাদক পদে নাম শোনা যাচ্ছে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মেজবাহ উদ্দিন সাচ্চুর নাম। আরও যাদের নাম শোনা যাচ্ছে- সাবেক ছাত্রলীগ নেতা ও স্বেচ্ছাসেবক লীগের বর্তমান কমিটির চার সাংগঠনিক সম্পাদক খায়রুল হাসান জুয়েল, শেখ সোহেল রানা টিপু, সাজ্জাদ শাকিব বাদশা ও আবদুল আলীম বেপারি।
এ ছাড়া আলোচনায় আছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মো. নুরুজ্জামান, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন, দফতর সম্পাদক সালেহ মোহাম্মদ টুটুল ও পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক আবুল ফজল রাজুর নামও।
বিকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানেই সংগঠনের পরবর্তী সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে।
স্বেচ্ছাসেবক লীগের নতুন নেতৃত্ব প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সভাপতি-সাধারণ সম্পাদককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ জন্য তাদের সম্মেলনেও আমন্ত্রণ জানানো হয়নি। আগামীর নেতৃত্ব ঠিক করবেন কাউন্সিলররা। তারা সভাপতি-সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব করবেন। এ ছাড়া দলীয়প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন। সবদিক বিবেচনা করে তিনি সিদ্ধান্ত নেবেন।
এর আগে ১১ নভেম্বর ঢাকা দক্ষিণ এবং ১২ নভেম্বর ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তবে এখনো কোনো কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D