৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৯
নূর হোসেনের হত্যাকাণ্ডের মাধ্যমে গণতন্ত্রের হত্যাকারীদের দেশ ও জাতি চেনে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তর শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নূর হোসেনের প্রতিও বিরূপ মন্তব্য কেউ কেউ আজকে করেন। নূর হোসেনের হত্যাকাণ্ডে গণতন্ত্রের সংগ্রাম হত্যা করার ঘটনা দেশ ও জাতি জানে।
তিনি বলেন, আমাদের নেত্রীর বদৌলতে যারা রাজনীতিতে অক্সিজেন পেয়েছেন, তারা নেত্রীকেও কটাক্ষ করেন। কথা মুখ থেকে ফসকে গেলে মুখে আর ফিরে আসে না। এখন যতই ক্ষমা চান, যতই ক্ষমাপ্রার্থী হন, এ ধরনের দায়িত্বহীন মন্তব্য, কটাক্ষ আমাদের রাজনৈতিক পরিবেশকে নষ্ট করে দেয়।
শেখ হাসিনাকে কটাক্ষ করলে জনগণ ক্ষমা করবে না বলে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে শেখ হাসিনা সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তাকে কটাক্ষ করলে শুধু আওয়ামী লীগ নয়, বাংলাদেশের বহু মানুষের অনুভূতিকে কটাক্ষ করা হয়। তাকে কটাক্ষ করলে জনগণ কাউকে ক্ষমা করবে না।
গত ১০ নভেম্বর এরশাদ বিরোধী আন্দোলনের মহানায়ক শহীদ নূর হোসেনকে মাদকাসক্ত বলে আখ্যায়িত করেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। একই সঙ্গে তিনি আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বৈরাচারী শাসক বলে মন্তব্য করেন। তার এসব মন্তব্যের পাল্টা জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ এসব কথা বলেন।
শহীদ নূর হোসেনকে নিয়ে রাঙ্গা বলেন, নুর হোসেন ইয়াবাখোর ফেনসিডিলখোর ছিলেন। যারা গণতন্ত্রের গ-ও বুঝে না, সেই অ্যাডিক্টেড ছেলেকে নিয়ে নাচানাচি করছে আওয়ামী লীগ ও বিএনপি। তাদের কাছে ইয়াবা-ফেনসিডিলখোর ও ক্যাসিনো ব্যবসায়ীদের গুরুত্ব বেশি। এরশাদ সাহেবের কাছে এরা কোনো গুরুত্ব পায়নি।
নূর হোসেনের হত্যাকাণ্ডের বিষয়ে সন্দেহ প্রকাশ করে তিনি আরও বলেন, পুলিশ গুলি করল সামনে থেকে আর ঘুরে গিয়ে পেছন থেকে লাগল। কি হাস্যকর যুক্তি। তখন তো একজন মারা গেছে, এখন প্রতিদিনই মানুষ মরছে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বৈরাচারী শাসক বলে মন্তব্য করে জাপা মহাসচিব বলেন, এরশাদ স্বৈরাচার ছিলেন না। খালেদা জিয়া স্বৈরাচার। খালেদা স্বৈরাচার হলে শেখ হাসিনাও স্বৈরাচার।
তিনি আরও বলেন, এরশাদের অনুগ্রহে একুশ বছর পর ক্ষমতায় আসে আওয়ামী লীগ। আর সেই আওয়ামী লীগ তার বিরুদ্ধে মামলা দেয়। নির্বাচনে অযোগ্য ঘোষণা করে।
জাতীয় পার্টির এই নেতা বলেন, আওয়ামী লীগ বিএনপি গণতন্ত্রকে হত্যা করেছে। ওদের মুখে গণতন্ত্র মানায় না। আগে গণতন্ত্র বুঝতে হবে। এই গণতন্ত্র মুখে দেয় নাকি মাথায় দেয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D