৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৯
মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ঢাকার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার সুস্থ হওয়ার আশা অনেকটাই ছেড়ে দিয়ে চিকিৎসা প্রায়ই বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা।
সংকটাপন্ন অবস্থায় বিএনপি নেতা খোকাকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
খোকাকে দেখার জন্য নিউইয়র্কে ছুটে গেছেন তার ছেলে বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন। বাবার জন্য দোয়া কামনা করে তিনি বলেছেন, ‘বাবার শারীরিক অবস্থা ভালো নয়। আপনারা সবাই দোয়া করবেন।’
এ বিষয়ে যুক্তরাষ্ট্র বিএনপি সূত্রে জানা যায়, ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার শারীরিক অবস্থা পরিবর্তনের আশা ছেড়ে দিয়েছেন সেখানকার চিকিৎসকরা। তারা খোকার সব চিকিৎসা বন্ধ করে দিয়েছেন। খোকার জীবনের শেষ ইচ্ছানুযায়ী অন্তিম সময়ে তাকে দেশে নেওয়াও পরিবারের পক্ষে সম্ভব হয়নি। পাসপোর্ট না থাকায় দেশে ফিরতে পারেননি তিনি। পরবর্তী সময়ে কী হবে, এ নিয়ে স্বজনরা বিভ্রান্তিতে আছেন।
প্রসঙ্গত, ২০১৪ সালের মে মাসের ১৪ তারিখে সাদেক হোসেন খোকা চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র গমন করেন। সেখানে তার কিডনির সমস্যা ধরা পড়ে। এরপর সেখানে থেকেই তিনি চিকিৎসা নেওয়া শুরু করেন।
হাসপাতালে ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী হয়ে লড়াই করা খোকার ছেলে ইশরাক ছাড়াও তার মা, এক ভাই ও বোন আছেন।
যুক্তরাষ্ট্রের ভিজিট ভিসার নিয়ম মোতাবেক, ৬ মাস পর পর যাওয়া-আসা করে মার্কিন ভিসা বৈধ রাখার নিয়ম। ২০১৭ সালে খোকা ও তার স্ত্রী ইসমত হোসেনের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়। তারা নিউইয়র্ক কনস্যুলেটে নতুন পাসপোর্টের জন্য আবেদন করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন পাসপোর্ট পাওয়ার ব্যাপারে কনস্যুলেট থেকে কোনো সদুত্তর দেওয়া হয়নি।
বিদেশে থাকা অবস্থায় বেশ কয়েকটি দুর্নীতি মামলায় দণ্ড হয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D