৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৯
যুবলীগের আলোচিত নেতা ও গ্রেফতারকৃত খালেদ মাহমুদের আইনজীবী মাহমুদুল হাসান শুনানিতে খালেদকে হাজি সম্বোধন করে তার জামিন আবেদন করেন। শুনানিতে আইনজীবী মাহমুদুল হাসান বলেন, খালেদ ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তাকে পলিটেক্যালি ভিকটিমাইজ করা হয়েছে। তিনি হজ করে এসেছেন। তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী। জামিন দিলে তিনি পলাতক হবেন না।
এছাড়া খালেদের আইনজীবী খালেদের বাড়িতে যে অস্ত্র পাওয়া গেছে তা বৈধ দাবি করেন। শুনানিতে তিনি আরও বলেন, তার (খালেদ) বাড়িতে যে অস্ত্র পাওয়া গেছে- তা বৈধ। ২০১৭ সালে লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ায় অবৈধ বলা হচ্ছে। তাছাড়া যে টাকা পাওয়া গেছে বলা আছে, তা কোনো অবৈধ নয়। তিনি নেতা, টাকা থাকতেই পারে।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান জামিন আবেদনের বিরোধিতা করেন। এছাড়া তিনি রিমান্ডের আবেদনও করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ড চেয়ে শুনানিতে বলেন, আসামির কাছ থেকে অবৈধ অস্ত্র পাওয়া গেছে। তার বাসা থেকে ইয়াবা ও বিপুল পরিমাণ বিদেশি মদ পাওয়া গেছে। এই ইয়াবা ও মদের উৎস কোথায়, তার সঙ্গে আর কারা কারা জড়িত- এসব বিষয় উদঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড প্রয়োজন।
দুই পক্ষের শুনানি শেষে আদালত খালেদের জামিন নামঞ্জুর করে তাকে অস্ত্র মামলায় ৪ দিন ও মাদক মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে এ দিন দুপুরে গুলশান থানায় অস্ত্র ও মাদক এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে তার বিরুদ্ধে তিনটি মামলা করে পুলিশ।
এ দিকে গতকাল সন্ধ্যায় গুলশানে নিজ বাসা থেকে খালেদ মাহমুদকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে খালেদকে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।
খালেদকে জিজ্ঞাসাবাদের বিষয়ে র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক সারোয়ার বিন কাশেম গণমাধ্যমকে বলেন, তাকে আমরা অল্প সময়ে জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তবে তদন্ত করার স্বার্থে সেগুলো এখনই পাবলিশ করা যাবে না। বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম পাওয়া গেছে। রাজধানীতে অবৈধভাবে কোনো ক্যাসিনো থাকতে দেবে না র্যাব।
উল্লেখ্য, গতকাল রাজধানীর ফকিরাপুল এলাকার ইয়ংমেন্স ক্লাবের নিষিদ্ধ জুয়ার ক্যাসিনোর মালিক মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূইয়াসহ অন্তত ১৪২ জনকে আটক করে র্যাব।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D