৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৯
অনিয়ম-দুর্নীতি কিংবা অন্যায় যেই করুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর ভাষায় জানিয়ে দিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
একই সঙ্গে এবারই প্রথম ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, অন্য কোনো সংগঠনে যার নজির নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘এই প্রথম ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের অন্য কোনো সংগঠনে এ ধরনের নজির নেই।’
ছাত্রলীগের সার্বিক বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দেখভাল করছেন বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত তিনিই গ্রহণ করবেন।
দুর্নীতির অভিযোগ উঠলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে ওবায়দুল কাদের বলেন, বালিশ ও পর্দা দুর্নীতির সঙ্গে কোনো মন্ত্রী, এমপি জড়িত নয়। অনিয়ম-দুর্নীতির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, দুর্নীতির অভিযোগে অনেক মন্ত্রী-এমপি দুদকে হাজিরা দিচ্ছে। সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যে অন্যায় করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের প্রস্তুতি বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলন করতে সম্পূর্ণ প্রস্তুতি আছে। আমাদের কিছু জেলায় সম্মেলন বাকি আছে। উপজেলায় সম্মেলন বাকি আছে, ইউনিয়ন সম্মেলন বাকি আছে। এই সময়ের মধ্যে এসব সম্মেলন সম্পন্ন করা হবে। আগামী ২০ ও ২১ ডিসেম্বর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।’
উপজেলা নির্বাচনে বিদ্রোহীদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার কথা জানিয়ে তিনি বলেন, ‘উপজেলা নির্বাচনে বিদ্রোহী ১৭৫ জন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশের জবাব পাওয়ার পর বিদ্রোহীরা তাদের যারা মদদ দিয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ভুলতা ফ্লাইওভার বিষয়ে তিনি বলেন, ‘৩৭৫ কোটি টাকারও বেশি টাকা ব্যয়ে ভুলতা চার লেন বিশিষ্ট ফ্লাইওভার নির্মাণ কাজ শেষ হয়েছে। জন দুর্ভোগ কমানোর জন্য এবং যানজট নিরসনে ফ্লাইওভারটি খুলে দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে যেকোনো সময় এটি উদ্বোধন করবেন।’
এ সময় ভুলতা ফ্লাইওভারের প্রকল্প পরিচালক গোলাম হায়দার রিয়াজ, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হারুনুর রশিদসহ সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D